
চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের নাটক ‘মহুয়া’ মঞ্চস্থ


নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ফোরাম চাঁদপুরের আয়োজনে ১০ দিনব্যাপী নাট্যোৎসবের ৯ম দিনে চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের নাটক ‘মহুয়া’ মঞ্চস্থ হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে দ্বিজ কানাই রচিত ‘মহুয়া’ নাটকটি মঞ্চায়ন করে চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চ। এটি নাট্যমঞ্চটির প্রথম প্রযোজনা এবং তৃতীয় মঞ্চায়ন। নাটকটি উপভোগ করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
এ সময় চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হাসান শাহরিয়ারসহ কলেজের অনেক শিক্ষক, সংগঠনের উপদেষ্টা নাট্যজন শরীফ চৌধুরী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মইনুদ্দিন লিটন ভূঁইয়া, রূপালি চম্পক, জেলা জাসাসের সদস্য সচিব মোবারক সিকদারসহ সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


দ্বিজ কানাই রচিত ‘মহুয়া’ লোকগীতি বা গীতিকার ইতিহাস প্রাচীন ও সমৃদ্ধ। প্রায় ৩৭০ বছর আগে দ্বিজ কানাই এই পালাগানটি রচনা করেন, যা বর্তমানে ‘নদের চাঁদ ও মহুয়া’র পালা বা গাথা নামে পরিচিত।
নাটকটির পটভূমি মধ্যযুগীয় বাংলার বিভাজন, শ্রেণিভেদ ও সামাজিক কুসংস্কারে গড়ে ওঠা এক গ্রামীণ সমাজ। যেখানে মানবিক প্রেম সব ধরনের সামাজিক বাধার মুখে দাঁড়িয়ে এক চিরন্তন সংগ্রামের প্রতীক হয়ে ওঠে।
চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের ‘মহুয়া’ নাটকের নাট্যরূপ দিয়েছেন কাব্য কনিকা। নির্দেশনায় ছিলেন নাজমুল হোসেন বাপ্পি এবং প্রযোজনা অধিকর্তা সিয়াম খান।
নাটকটির কেন্দ্রীয় চরিত্র মহুয়ায় অভিনয় করেন, আফসানা পাটওয়ারী, নদের চাঁদ চরিত্রে স্বাধীন দত্ত, হুমরা বাইদ্দা চরিত্রে সিয়াম খান, সুজন চরিত্রে পিপল দাস, মাইনকা চরিত্রে বিশ্বজিৎ প্রিতম, পালঙ্ক সই চরিত্রে মরিয়ম মাহি, সাধু চরিত্রে তানজিল, সন্ন্যাসী চরিত্রে শিশির এবং বৈষ্ণবী চরিত্রে হৃদিকা বিশ্বাস রিয়া।
বন্দনায় ছিলেন সুমাইয়া সূচনা, মাখনুন ও জাহান মিম। লোকে আসিফুল আলম এবং মাঝি ও প্রহরীর চরিত্রে ছিলেন সঞ্জয়। গানে ঐশী দাস ও তবলায় খোকন দাস অংশ নেন। নৃত্যে ছিলেন মিতু ধর, স্নিগ্ধা সাহা, আইরিন বৃষ্টি ও মুক্তা।
নাটকটির আবহ সংগীতের দায়িত্বে ছিলেন সিয়াম খান ও স্বাধীন দত্ত এবং আবহ সংগীত নিয়ন্ত্রণে ছিলেন তীর্থ ভৌমিক। আলোক পরিকল্পনায় ছিলেন নূরে আলম নয়ন।
মঞ্চ নির্মাণ করেন নাজমুল হোসেন বাপ্পি ও সিয়াম খান। মেকআপে ছিলেন গোবিন্দ মন্ডল। সাজসজ্জায় ছিলেন আফসানা, তৃনা বনিক ও মৃত্তিকা বিশ্বাস।
নাটকটি উপভোগ করতে সংগঠনের উপদেষ্টা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ ও নাট্যামোদী দর্শকদের উপস্থিতিতে শিল্পকলা একাডেমির মিলনায়তন মুখর হয়ে ওঠে। দর্শকরা আনন্দ ও আগ্রহের সঙ্গে নাটকটি উপভোগ করেন।




























