
মোসলেহ উদ্দিন ক্যাডেট একাডেমির উদ্যোগে গুপ্টি মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন


ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের যুবসমাজকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে মোসলেহ উদ্দিন ক্যাডেট একাডেমির উদ্যোগে গুপ্টি মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গুপ্টি ফুটবল একাডেমি মাঠে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসলেহ উদ্দিন ক্যাডেট একাডেমি ও গল্লাক খেলাঘরের প্রতিষ্ঠাতা পরিচালক এ কে এম মোসলেহ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম মোসলেহ উদ্দিন বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ ও কিশোরদের সুন্দর ভবিষ্যৎ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি মাঠ যেমন একজন ভালো খেলোয়াড় তৈরি করতে পারে, তেমনি একটি সুস্থ ক্রীড়া পরিবেশ একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারে।


তিনি বলেন, বর্তমান সময়ে আমাদের যুবসমাজকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এই লক্ষ্যেই মোসলেহ উদ্দিন ক্যাডেট একাডেমির উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, জয়-পরাজয় খেলারই অংশ। প্রতিযোগিতার পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানবোধ গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের তরুণরা মাঠে থাকুক, খেলাধুলায় থাকুক তাহলেই তারা মাদক ও অপরাধ থেকে দূরে থেকে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারবে।
আয়োজকরা জানান, এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং একটি সুন্দর, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে বিভিন্ন দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে মাঠে খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় দর্শকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্টটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে গুপ্টি পূর্ব ইউনিয়নে আরও বড় পরিসরে ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


























