
হাজীগঞ্জে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা কার্যক্রম


চাঁদপুরের হাজীগঞ্জে রাস্তার পাশের আগাছা ও দীর্ঘদিন ধরে জমে থাকা অপ্রয়োজনীয় ঝোপঝাড় পরিষ্কার করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে বিডি ক্লিন হাজীগঞ্জ উপজেলা টিম।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
কার্যক্রমে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন। এ সময় বিডি ক্লিন হাজীগঞ্জ উপজেলা টিমের সদস্যরা রাস্তার পাশে জমে থাকা আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করেন।


আয়োজকরা জানান, রাস্তার পাশের আগাছা ও অপ্রয়োজনীয় ঝোপঝাড় পরিষ্কার করার ফলে এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পথচারীদের চলাচল আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে। একটি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
বিডি ক্লিন হাজীগঞ্জ উপজেলা টিমের পক্ষ থেকে বলা হয়, পরিচ্ছন্নতা শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত দায়িত্ব। নিজেদের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে সচেতন করতে হবে।
‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’—এই বার্তা সামনে রেখে পরিচ্ছন্ন ও সুন্দর হাজীগঞ্জ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।


























