
চাঁদপুরে ৭-৮ হাজার একরের এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ ও ইপিজেড স্থাপনের উদ্যোগ : আশিক চৌধুরী


বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, চাঁদপুরে বিদ্যুৎ সংকট দূর করা, কৃষি উৎপাদন বজায় রাখা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭ থেকে ৮ হাজার একর জমিতে একটি বড় এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি খাস জমিতে একটি রপ্তানিমুখী ইপিজেড স্থাপনেরও সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
শুক্রবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তরের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাহেলা ওসমান সিকদার ফাউন্ডেশনের চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য খোকা শিকদার।
এ সময় তিনিএগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্প প্রসঙ্গে বলেন, চাঁদপুরে ৭ থেকে ৮ হাজার বা তারও বেশি জমিতে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এই পদ্ধতিতে একই জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্যানেলের নিচে কৃষিকাজ অব্যাহত রাখা হবে। এতে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হয়ে স্থানীয় সংকট দূর হবে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে এর সুফল পাওয়ার আশা করা হচ্ছে।
সরকারি খাস জমিতে ইপিজেড প্রসঙ্গে আশিক চৌধুরী বলেন, নতুন করে জমি অধিগ্রহণ না করে সরকারি খাস জমিতে ইপিজেড স্থাপনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর জন্য বিদ্যুৎ, গ্যাস, সড়ক ও নৌপথের যোগাযোগ এবং সাইট উন্নয়নের খরচ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। এছাড়াও চাঁদপুরের এসব উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়মিত প্রধানমন্ত্রীকে অবহিত করা হচ্ছে এবং প্রতি তিন মাস পরপর প্রতিবেদন দেওয়ার নির্দেশ রয়েছে।


অনুষ্ঠানে সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সাবেক পররাষ্ট্র সচিব শহিদুল হক, অতিরিক্ত আইজিপি মো. মনিরুজ্জামান, ডিআইজি তাপতুন নাসরীন, প্রাইম ব্যাংকের এমডি নাজিম এ চৌধুরী, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার কমোডর হারুন চৌধুরী, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



























