
সুবিদপুরে শিক্ষা বৃত্তির পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত


শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং পড়াশোনায় শিক্ষার্থীদের আরও মনোযোগী করে তুলতে ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘ কর্তৃক আয়োজিত শিক্ষা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের বড়গাঁও উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং প্রাণ-আরএফএল গ্রুপের জেনারেল ম্যানেজার ফিরোজ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমো ফ্যাশন লিমিটেডের সিআইপি চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মোহাম্মদ মহসিন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ফজলুল করীম পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক প্রফেসর এ কে এম আব্দুল মান্নান, সুবিদপুর কল্যাণ সমিতির সভাপতি প্রকৌশলী মো. মাহমুদুল আমিন খান, নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের পরিচালক মোস্তাফিজুর রহমান পাটওয়ারী, রমো ফ্যাশনের পরিচালক মোহাম্মদ ইয়াসিন এবং এনসিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘের বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব হাছানুল আজম, সংগঠনের সহ-সভাপতি জহিরুল ইসলাম, নতুন সদস্য সচিব শোয়েব খান,সাবেক সদস্য সচিব আব্দুল কাদের,সিনিয়র সদস্য সচিব সালাউদ্দিন টুটুল,আব্দুল মালেক,মাকসুদুর রহমান,হাফেজ খানসহ সংগঠনের অন্যান্য সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সমাজ ও দেশের উন্নয়নের প্রধান ভিত্তি হচ্ছে শিক্ষা। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে যথাযথভাবে বিকশিত করার জন্য শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, তাদের উৎসাহ ও অনুপ্রেরণাও প্রয়োজন। শিক্ষা বৃত্তির মতো কার্যক্রম শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করে।
বক্তারা আরও বলেন,
সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘের এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। নিয়মিতভাবে বৃত্তি পরীক্ষা আয়োজন ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করার মাধ্যমে সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত হলে ইউনিয়নের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং অনেক শিক্ষার্থী এর মাধ্যমে উপকৃত হবে।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সততা, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর মানসিকতা গড়ে তুলতে হবে।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক বিকাশের দিকেও নজর দিতে হবে। সন্তানদের ওপর অযথা চাপ সৃষ্টি না করে তাদের আগ্রহ ও প্রতিভা অনুযায়ী এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে। একই সঙ্গে শিক্ষক, অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরাও শিক্ষা বৃত্তি কার্যক্রমের মাধ্যমে তাদের পড়াশোনায় আরও উৎসাহ সৃষ্টি হয়েছে বলে অনুভূতি প্রকাশ করে। তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার সুনাম বয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে।
আলোচনা সভা শেষে শিক্ষা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।


























