
প্রেমিকের গাড়িতে প্রেমিকার ৩৪০০ চুমুর দাগ, জরিমানা গুণল পুলিশে


প্রেমিকার ভালোবাসার অভিনব প্রকাশ! পুরো গাড়িজুড়ে দেওয়া লিপস্টিকের প্রায় ৩ হাজার ৪০০টি চুমুর ছাপ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দৃশ্যের ভিডিও প্রকাশ পেতেই বিপত্তিতে পড়েছেন ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এক যুবক। ট্রাফিক আইন ভঙ্গের দায়ে উল্টো তাঁকে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা গুণতে হয়েছে।
ঘটনাটি ঘটে গোয়ালিয়রের সিটি সেন্টার এলাকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি গাড়ির সর্বাঙ্গে লিপস্টিকের হাজারো ছাপ। খোঁজ নিয়ে জানা যায়, আদিত্য সিকারওয়ার নামের এক তরুণের প্রেমিকা অত্যন্ত যত্নে সাড়ে তিন ঘণ্টা ধরে গাড়িটি এভাবে সাজিয়েছিলেন।
তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই বিষয়টি স্থানীয় ট্রাফিক পুলিশের নজরে আসে। পুলিশ গাড়িটিকে শনাক্ত করে থাটিপুর এলাকা থেকে চালককে আটক করে এবং মোটরযান আইনে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা অনাদায়ে নির্দেশ দেয়।


গাড়ির মালিক আদিত্য জানান, বিদেশে এমন একটি প্রবণতা দেখে তাঁর প্রেমিকা উদ্বুদ্ধ হয়ে গাড়িটিতে চুমুর দাগ দিয়ে সাজিয়েছিলেন। তবে এতে যে ট্রাফিক আইন লঙ্ঘন হয়, তা তাঁদের জানা ছিল না। পরবর্তীতে পুলিশের নির্দেশে তিনি পুরো গাড়ির লিপস্টিক পরিষ্কার করেন এবং জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান।




























