
জরিমানা ছাড়াই মোটরযানের লাইসেন্স নবায়নের সময় বাড়লো


কোনো প্রকার জরিমানা ছাড়াই মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সুযোগ পাবেন যানবাহন মালিক ও চালকেরা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।


প্রজ্ঞাপনে জানানো হয়, অর্থ বিভাগের অনুমোদনের ভিত্তিতে জরিমানা ছাড়া মূল ফি জমা দিয়ে সব ধরনের যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত শেষবারের মতো বাড়ানো হয়েছে। এই নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে।
সরকারের এই ছাড়ের ফলে নির্ধারিত সময়ে যারা লাইসেন্স ও কাগজপত্র হালনাগাদ করতে পারেননি, তাঁরা বাড়তি মাশুল দেওয়া ছাড়াই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সময়ের মধ্যে দ্রুত কাজ শেষ করার পরামর্শ দিয়েছে।




























