
হাজীগঞ্জের ১০নং গন্ধর্ব্যপুরের চেয়ারম্যান পদে শাহিদুল ইসলামের প্রার্থীতা ঘোষণা


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহিদুল ইসলাম। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও যোগাযোগ শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে মো. শাহিদুল ইসলাম বলেন, “রাজনীতি হোক সাধারণ মানুষের জন্য।” নির্বাচিত হতে পারলে তিনি ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নকে আধুনিক, জনবান্ধব ও নাগরিকসেবামুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান।
শাহিদুল ইসলাম জানান, ইউনিয়নের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা এবং এলাকার উন্নয়নকে তিনি গুরুত্ব দিতে চান। পাশাপাশি দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


তিনি বলেন, ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষের কথা শুনে তাদের প্রয়োজন ও সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। জনগণের সঙ্গে যোগাযোগ আরও বাড়িয়ে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে তার।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার বিষয়টিও তুলে ধরেছেন শাহিদুল ইসলাম। তার দাবি, ছাত্র রাজনীতির সময় থেকেই তিনি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। সুখে-দুঃখে এবং বিভিন্ন প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখতে চান তিনি।
শাহিদুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে হাজীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন বলেও জানান তিনি। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের মতামত ও প্রত্যাশার কথা জানার চেষ্টা করছেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।


























