
পুকুরের জাল কেটে মাছ বের করে দেওয়ার অভিযোগ, হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ


চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের জাল কেটে মাছ বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. আবদুল্লাহ আল নোমান (৩৮) নামে এক মাছচাষি।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাকেরতলা এলাকার একটি পুকুরে যৌথভাবে মাছ চাষ করে আসছিলেন অভিযোগকারীসহ অংশীদাররা। মাছ চাষের অংশীদারদের মধ্যে পুকুরের অংশ আলাদাভাবে চাষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আবদুল্লাহ আল নোমান পুকুরের জাল ঠিকঠাক অবস্থায় দেখে বাড়িতে যান। পরদিন ১৯ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে স্থানীয় একজন প্রতিবেশীর মাধ্যমে তিনি জানতে পারেন, পুকুরের জাল কাটা অবস্থায় রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি জাল কাটা অবস্থায় দেখতে পান।


অভিযোগকারীর দাবি, জাল কেটে দেওয়ার কারণে পুকুরের মাছ বের হয়ে গিয়ে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মো. সরওয়ার (৫০) ও তাজউদ্দিন আক্তার (৩২) ঘটনায় স্বাক্ষী রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। তবে অভিযোগকারী নিজেও উল্লেখ করেছেন, জালটি কে বা কারা কেটেছে, তা তিনি নিশ্চিতভাবে দেখেননি।
অভিযোগে আরও বলা হয়, পূর্বে মাছ চাষ নিয়ে বিরোধের জেরে অভিযুক্তদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছিল। এ কারণে তাদের বিরুদ্ধে সন্দেহের সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. আবদুল্লাহ আল নোমান। অভিযোগের বিষয়ে পুলিশের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও জাল কাটার সঙ্গে কারা জড়িত তা বেরিয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
হাজীগঞ্জ থানার ওসি আবদুল মান্নান জানান, দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেহেতু অভিযোগ হয়েছে তা খতিয়ে দেখা হবে।




























