
স্বামী বিদেশ যাওয়ার পর স্ত্রীর স্বীকৃতির দাবীতে স্বামীর বাড়িতে অনশন


চাঁদপুরের ফরিদগঞ্জে স্ত্রী স্বীকৃতির দাবীতে এক নারী তার স্বামীর বাড়িতে অনশন ও অবস্থান করেছে।
মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। টানা ৬ ঘন্টা অবস্থান করার পর রাতে ওই নারীর স্বজনরা তাকে নিজ বাড়ি চাঁদপুরের শাহারাস্তিতে নিয়ে যায়।
অনশনকারী চাঁদপুরের শাহারাস্তি উপজেলার দক্ষিণ সূচীপাড়া ইউনিয়নের সাবেক শিক্ষক শামছুল হকের মেয়ে শারমিন আক্তার (২৪) গত মঙ্গলবার বিকালে জেলার ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর পাটওয়ারী বাড়িতে সহিদুল্ল্যা পাটওয়ারীর ছেলে প্রবাসী আ: আউয়াল এর স্ত্রী দাবী করে হাজির হয়।


শারমিন আক্তার জানান, পুত্রবধূর মর্যাদা দিয়ে ঘরে তুলে নিতে অনুরোধ আউয়ালের পরিবারের কাছে। কিন্তু তিনদিন আগে পুনরায় প্রবাসে পাড়ি জমান আ: আউয়ালের। আউয়ালের পরিবার তাকে ঘরে নিতে অস্বীকৃতি জানায়, তাই সে ঘরের সামনে বিকাল থেকে অনশন ও অবস্থান
নেয়।
শারমিন আক্তার আরও জানায়, সৌদি প্রবাসী আ: আউয়াল এর সাতে গত ১৩ সেপ্টেম্বর তার শাহারাস্তিতে বিয়ে হয়। এর আগে তার সাথে আউয়ালের মুঠো ফোনে প্রেমের সর্ম্পক তৈরি হয়। কিন্তু আউয়াল তাকে ঘরে না তুলে তিন দিন পুর্বে পুনরায় প্রবাসে চলে যাওয়ায়, তিনি বাধ্য হয়ে পুত্রবধূর মর্যাদার জন্য শশুড় বাড়িতে আসেন।
অন্যদিকে আ: আউয়ালের পিতা বৃদ্ধ সহিদ উল্যা জানান, তার ছেলে দেশে আসার পর তাকে কৌশলে শাহারাস্তি ডেকে নিয়ে জোর পুর্বক বিয়ে করতে বাধ্য করে শারমিন ও তার পরিবার। এনিয়ে অনেক ঘটনা ঘটে। সর্বশেষ আউয়াল বিদেশ চলে যাওয়ার পুর্বেও ওই মেয়ের সাথে ঘর
করবে না বলে নিশ্চিত করে যায় তাদেরকে। ফলে পুত্রবধু হিসেবে মেনে নেয়ার প্রশ্ন উঠে না।
স্থানীয় ইউপি সদস্য মাসুদ আলম জানান, ঘটনা শুনে তিনি ওই নারীর সাথে কথা বলেছেন। বিয়ের তথ্য প্রমাণ শারমিনের কাছে ছিল না।
এক পর্যায়ে রাত ১০টার দিকে স্থানীয় ইউপি সদস্য মাসুদ আলম এর সহযোগিতায় শারমিনের পরিবারের সদস্য এসে তাকে শাহারাস্তি নিয়ে যায়।








