কর্মদক্ষতা ও মানবিক সেবায় আস্থা অর্জন করছেন এসিল্যান্ড আনিসুর রহমান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২, ২০২৬ | ৯:৪৩
Link Copied Successfully!

সরকারি দপ্তর মানেই ভোগান্তি, দীর্ঘসূত্রতা আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য-সাধারণ মানুষের মধ্যে প্রচলিত এমন ধারণা বদলে দিতে চান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। অমায়িক আচরণ, কর্মদক্ষতা ও মানবিক সেবার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছেন নবাগত এই কর্মকর্তা। আইনের কঠোর প্রয়োগ, মানবিক আচরণ, স্বচ্ছতা ও জবাবদিহির সমন্বয়ে একটি জনবান্ধব ভূমি কার্যালয় গড়ে তোলার প্রত্যয় নিয়ে শুরু হয়েছে তাঁর নতুন পথচলা। তবে এই পথচলা সহজ নয়। কার্যালয়ের গুরুত্বপূর্ণ প্রায় সব পদেই নতুন কর্মকর্তা-কর্মচারী। নতুন জনবল, নতুন কর্মপরিকল্পনা এবং নতুন কর্মপরিবেশে একটি কার্যকর সেবাব্যবস্থা গড়ে তোলাই এখন তাঁর সামনে অন্যতম চ্যালেঞ্জ।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের পর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে প্রথম কর্মস্থল পেয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের অক্টোবর মাসে তিনি এ পদে যোগদান করেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেছে তাঁকে। গত ১২ অক্টোবর রূপসা উত্তর ইউনিয়নের পূর্ব বদরপুর এলাকায় অবৈধ ড্রেজার অপসারণে তাঁর নির্দেশনায় অভিযান পরিচালিত হয়। পরবর্তী সময়ে ১৮ অক্টোবর ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে যানজট, ফুটপাত দখল, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন এবং বাজার তদারকিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ভূমি অফিসে সাধারণ মানুষকে সঠিক ও কাঙ্ক্ষিত সেবা দেওয়ার আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন

তবে তাঁর চিন্তাভাবনা কেবল প্রশাসনিক দায়িত্ব পালন কিংবা আইন প্রয়োগের মধ্যেই সীমাবদ্ধ নয়। যুবসমাজকে সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্ব দিচ্ছেন এই কর্মকর্তা। উপজেলা পর্যায়ে আন্তঃউপজেলা বিতর্ক উৎসবের উদ্বোধন করে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, মুক্তবুদ্ধির চর্চা ও সৃজনশীলতার বিকাশে উদ্বুদ্ধ করেন তিনি। তাঁর এমন উদ্যোগে প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নতুন প্রজন্মের মেধা ও মনন বিকাশের প্রতিও ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে।

দায়িত্ব গ্রহণের স্বল্প সময়ের মধ্যেই ভূমিসেবাকে আরও সহজ, গতিশীল ও হয়রানিমুক্ত করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন নবাগত এই এসিল্যান্ড। শুধু সেবার মানোন্নয়ন নয়, সেবাগ্রহীতাদের জন্য কার্যালয়ের পরিবেশকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক করে তুলতেও কাজ করছেন তিনি।

অবহেলায় পড়ে থাকা সেবাগ্রহীতাদের বিশ্রামের জন্য নির্মিত গোলঘরটি সংস্কার করে পরিবেশবান্ধব ও ব্যবহার উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কার্যালয়ের প্রবেশমুখের চত্বরেও তৈরি করা হয়েছে বিভিন্ন রঙের ফুলের বাগান। পাশাপাশি সম্প্রসারিত রেকর্ড রুমের সংস্কার কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এসব উদ্যোগের পেছনে রয়েছে একটি ইতিবাচক চিন্তা-ভূমি অফিসে মানুষ শুধু প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে আসবেন না, বরং একটি পরিচ্ছন্ন, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে স্বস্তির সঙ্গে সেবা গ্রহণ করবেন।

এদিকে ভূমি অফিসে সেবা নিতে এসে কোনো সেবাগ্রহীতা যেন দালাল, মধ্যস্বত্বভোগী কিংবা অসাধু ব্যক্তির খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দিয়েছেন আনিসুর রহমান।

সেবাগ্রহীতারা যেন ভূমিসংক্রান্ত যেকোনো প্রয়োজনে কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সহজেই সরাসরি যোগাযোগ করতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বল্প সময়ে সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি। এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা নিজেই তদারকি করছেন।

আইনের প্রয়োগে কঠোরতার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও পিছিয়ে নেই নবাগত এই এসিল্যান্ড। তাঁর কাছে ভূমি অফিসের সেবা শুধু নথিপত্র কিংবা বিধিবিধানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একজন অসহায় মানুষের প্রয়োজন ও দুর্ভোগ অনুধাবন করাও প্রশাসনিক দায়িত্বের অংশ।

এরই মধ্যে বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী আব্দুল মান্নান এবং বিধবা নারী রহিমা বেগম ভূমিসেবা নিতে এসে ভোগান্তি ছাড়াই স্বল্প সময়ে প্রয়োজনীয় সেবা পেয়েছেন। সাধারণত যেসব মানুষের পক্ষে সরকারি দপ্তরে এসে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা তুলনামূলক কঠিন, তাঁদের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

দ্রুত ও ভোগান্তিহীন সেবা পেয়ে আবেগাপ্লুত হন বিধবা নারী রহিমা বেগম। অন্যদিকে আরেক সেবাগ্রহীতা বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী আব্দুল মান্নানের পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নবাগত এসিল্যান্ডের মানবিক আচরণ অনুসরণ করতে অন্যান্য সরকারি কর্মকর্তার প্রতিও আহ্বান জানান তাঁরা।

একজন অসহায় মানুষের কাছে সময়মতো সরকারি সেবা পাওয়া যেমন স্বস্তির, তেমনি প্রশাসনের প্রতি আস্থা তৈরিরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এমন উদ্যোগ সাধারণ সেবাপ্রত্যাশীদের মধ্যে নতুন আশার সঞ্চার করছে।

সম্প্রতি সরেজমিনে ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কার্যক্রম চলাকালে প্রতিবেদকের সঙ্গে কথা হয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমানের।

তিনি বলেন, এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম কর্মস্থল ফরিদগঞ্জে নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যাশা রয়েছে। সব সময়ই চেষ্টা থাকবে শতভাগ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার। জেলার সদর উপজেলায় কর্মরত থাকার পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফরিদগঞ্জ উপজেলাকে আরও সুন্দর ও জনবান্ধব করে তুলতে চাই।

তিনি আরও বলেন, ভূমি অফিস মানেই ভোগান্তি, সহজে ও স্বল্প সময়ে ভূমিসেবা পাওয়া যায় না-সাধারণ মানুষের মধ্যে থাকা এমন চিন্তাধারা থেকে তাঁদের বের করে আনতে চাই। সেবাপ্রত্যাশীরা যেন সহজেই প্রয়োজনীয় ভূমিসেবা পান, সেটিই আমার কার্যালয়ের অন্যতম লক্ষ্য। এ কার্যালয়ে প্রত্যেক সেবাগ্রহীতা যেন সঠিক সেবা পান, সে বিষয়ে ইতোমধ্যে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো বাস্তবায়িত হচ্ছে কি না, তা আমি নিজেই তদারকি করছি।

সব মিলিয়ে নতুন জনবল, নতুন কর্মপরিকল্পনা এবং নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে ফরিদগঞ্জ ভূমি অফিসে নতুন কর্মপরিবেশ গড়ে তোলার চেষ্টা করছেন আনিসুর রহমান। আইন প্রয়োগে দৃঢ়তা, সেবায় আন্তরিকতা, অমায়িক ব্যবহার, মানবিক দৃষ্টিভঙ্গি এবং দাপ্তরিক পরিবেশের ইতিবাচক পরিবর্তনের সমন্বয়ে তাঁর এই উদ্যোগ কতটা স্থায়ী রূপ পায়, সেটিই এখন দেখার বিষয়।

তবে সাধারণ মানুষের প্রত্যাশা একটাই-ভূমি অফিস যেন আর ভোগান্তির নাম না হয়ে ওঠে; বরং মানুষের অধিকার, আস্থা ও নির্ভরতার একটি ঠিকানা হয়ে দাঁড়ায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ডেঙ্গুজ্বরে মারা যাওয়া মতলবের সামিরের স্বরণে সহপাঠীদের দোয়া কর্মদক্ষতা ও মানবিক সেবায় আস্থা অর্জন করছেন এসিল্যান্ড আনিসুর রহমান জেলায় ৪র্থ উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও নীলাচল মন্দির বন্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন ঢাকা তেজগাঁও থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও ক্ষতিকর রং ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানে জরিমানা মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: এনামুল হক বাদল জমকালো আয়োজনে কেএফটি কলেজিয়েট স্কুলে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, বেপরোয়া প্রভাবশালীরা কচুয়ায় লন্ডন প্রবাসীর বাড়ির গাছ ও পুকুরের মাছ লুটে নিলো স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি বড়কুল আইডিয়াল ক্লাব ও পাঠাগারের কার্যকরি কমিটি গঠন সভাপতি রফিক, সম্পাদক ফারুক, সাংগঠনিক মিজবাহ ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯২৯ মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ হাজীগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ হাজীগঞ্জ বাজারে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থানান্তরে আগামীকাল থেকে ১০ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, সম্পাদক বিল্লাল হোসেন পাটওয়ারী