
জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা


জরুরি সেবা নম্বর ‘১৬১১১’-এ কল পেয়ে ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক রোগীকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
৩ নভেম্বর ২০২৬ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিকিৎসা শেষে জনৈক এক ব্যক্তি ঢাকা থেকে বরিশালগামী ‘এমভি এম খান-৭’ নামক লঞ্চযোগে বরিশালের দিকে রওনা দিয়েছিলেন। লঞ্চটি গভীর রাত ২টার দিকে চাঁদপুরের লালপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই যাত্রীর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। পরিস্থিতি বেগতিক দেখে লঞ্চের সুপারভাইজার তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ‘১৬১১১’-এ কল করে সহযোগিতা চান।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি বিশেষ মেডিকেল টিম দ্রুত সংশ্লিষ্ট লঞ্চে গিয়ে পৌঁছায় এবং অসুস্থ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। পরবর্তীতে রোগীর উন্নত চিকিৎসার স্বার্থে কোস্ট গার্ডের নিজস্ব বোটযোগে তাকে চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে আসা হয়। এরপর কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে তাকে শ্যামলী কিডনি হাসপাতালে পাঠানো হয়।


কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জনগণের যেকোনো দুর্ভোগ ও জরুরি প্রয়োজনে সেবা প্রদানে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে।




























