
গণপিটুনিতে নিহত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও চিত্রনায়ক শান্তর লাশ কবর থেকে তোলা হবে


গণপিটুনিতে নিহত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও চিত্রনায়ক শান্তর লাশ কবর থেকে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশের পর মরদেহ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
যেভাবে নিহত হন বাবা-ছেলে


২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বিকেলে এলাকা ছাড়ার সময় সেলিম খান ও তার ছেলে শান্ত খান একটি গাড়িতে ছিলেন। তারা চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজার এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ জনতার মুখে পড়েন। সেখান থেকে বেরিয়ে আসতে পারলেও পরে পাশের বাগড়া বাজার এলাকায় তাদের গাড়ি আটকে যায়। সেখানে জনতার পিটুনিতে সেলিম খান ও শান্ত খান নিহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সে সময়ের পরিস্থিতিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং পরে তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে দাফন করা হয়।
তখন এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে সেলিম খান ও শান্ত খানের মৃত্যুর ঘটনায় চাঁদপুর সদর মডেল থানার পুলিশ বাদী হয়ে মামলা করে। সেই মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে এখন আদালতের নির্দেশে মরদেহ দুটি উত্তোলন করা হচ্ছে।
সেলিম খানকে ঘিরে নানা আলোচনা
সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় রাজনীতিতে তার প্রভাব ছিল বলে বিভিন্ন সময় স্থানীয়ভাবে আলোচনা ছিল। রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।
সেলিম খানের বিরুদ্ধে পদ্মা ও মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ ছিল। এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও চলমান ছিল বলে বিভিন্ন সময় সংবাদ প্রকাশিত হয়েছে।
এ ছাড়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণসহ বিভিন্ন বিষয়েও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য এ পাওয়া যায়নি।
সেলিম খানের ছেলে শান্ত খান কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক চলচ্চিত্র টুঙ্গিপাড়ার মিয়া ভাইসহ আরো কয়েকটি।



























