
তুমি আমায় দুঃখ দেওয়ার কে?
Link Copied Successfully!


তুমি আমায় দুঃখ দেওয়ার কে
আমি নিজেই ভীষণ দুঃখ পেতে জানি
আমার পাশে বসতে পারি আমিই
যখন কেউ রেখে যায় শূন্য আসনখানি।
শ্মশান আমায় পোড়ায় যদি তবে
আমার ভেতর জুড়ে কোন আগুনের চাষ?
তুমি আমায় অন্ধ করে দেবে?
আমার চোখ খুলে নিই, আমিই ঈডিপাস।
আমি জন্ম থেকেই মরছি অবিরত
আমায় মারতে পারে দুঃখশরের বিষ?
আমি নিজ আগুনে পোড়া ফিনিক্স পাখি
তুমি ভাবছো আমায় দুঃখী অ্যাকিলিস?


বৃষ্টি আমায় ভিজিয়ে দিতে পারে?
আমার চোখের ভেতর উপচে পড়া জল
আমি নিজের বোঝায় পিষ্ট সিসিফাস
যখন ঠেলছি পাথর নিজেই অনর্গল।
আমায় দুঃখ দেওয়ার দুঃখ যদি থাকে
তুমি টানতে পারো জবরদস্ত রাশ
তুমি আমায় দুঃখ দেওয়ার কে?
যখন নিজেই করি নিজের সর্বনাশ!




























