
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু
Link Copied Successfully!


চাঁদপুরের হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিয়া আক্তার উপজেলার পাতানিশ গ্রামের বেপারি বাড়ির এমরান বেপারির মেয়ে।
স্থানীয় বাসিন্দা মামুন জানান, সোমবার ভোরে রাফিয়া মক্তবে পড়তে যাওয়ার পথে সড়ক পার হচ্ছিল। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত রাফিয়ার বাবা এমরান বেপারি বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আজ আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”
শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


























