
চাঁদপুর -৪ আসনে ধানের শীষের কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুর, আহত ৫


চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের যুবদল নেতার বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শুক্রবার সকালে সুবিদপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের সাবেক যুবদল নেতা আক্তার হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী আলমগীর স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নানের অনুসারী।
আক্তার হোসেন জানান, সকালবেলা হঠাৎ করে আলমগীর ও তার সহযোগীরা তার বাড়িতে হামলা চালায়। তারা ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের মারধর করে। এতে গুরুতর আহত হন আক্তার হোসেন নিজে, তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা।


হামলায় আহতরা হলেন, জান্নাত (৯), আনোয়ার (৪৫), আক্তার হোসেন (৪০), তারেক (২১) এবং আকবর (৩০)। আহতদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আক্তার হোসেন আরও অভিযোগ করেন, হামলাকারীরা ঘরের আলমারি ভেঙে প্রায় ১ ভরি ২ আনা স্বর্ণালংকার নিয়ে গেছে। তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
ঘটনার খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই মুহাম্মদ জাকির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফরিদগঞ্জ যৌথ বাহিনী ঘটনাস্থলে ছুটে যান।
এ বিষয়ে অভিযুক্ত আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মুহাম্মদ জাকির জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








