
চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা


চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) চাঁদপুরের ঘোষেরহাট, হাজীগঞ্জ উপজেলার হলুদ পট্টি ও মকিমাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নাম-ঠিকানাবিহীন ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রির দায়ে কে সনিয়া এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, অবৈধভাবে জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ের দায়ে রাশেদ গাজীকে ১০ হাজার টাকা এবং মেয়াদবিহীন পণ্য রাখার দায়ে অনিল সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এসব জরিমানা আরোপ করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়। এ সময় মেয়াদবিহীন ও অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য ধ্বংস করা হয়।
অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন। পাশাপাশি অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অবৈধ মজুদ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।



























