
চাঁদপুরে মায়ের হাত ধরে মোক্তবে যাওয়ার পথে বাস চাপায় শিশুর মৃত্যু


ভোরে সূর্য উঠার সাথে সাথে মায়ের হাত ধরে আরবী পড়তে মোক্তবে যাওয়া হলো না আট বছরের শিশু মাহফুজ হোসেনের।
মঙ্গলবার ভোর ৬ টায় কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাস চাপায় প্রাণ হারায় এই শিশু। ঘটনাটি চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের মহামায়া পশ্চিম বাজার সংলগ্নে ঘটে। প্রতিবাদে সড়ক অবরোধ করে রাখে মহামায়া বাজার ও এলাকাবাসী।
শিশু মাহফুজ জামিউলতুল ইসলামীয়া সামছুল উলুম মহামায়া মাদ্রাসার শিক্ষক মাঈনুল হকের ছেলে। নিহত শিশু মাহফুজ একই মাদ্রাসার ছাত্র।


শিশুর মা জয়নব বেগম ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে শিশু মাহফুজ বাড়ির প্বার্শবর্তী মহামায়া বাজারের জামে মসজিদের মোক্তবে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় মায়ের হাত থেকে ছুটে দৌড়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় কক্সবাজারগামী সৌদিয়া বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
মহামায়া বাজারের ব্যবসায়ীরা জানান, ঘটনার পরপরই প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
চাঁদপুর সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা মিন্টু দত্ত জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শিশু মাহফুজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে মর্গে প্রেরণ করেন। পরিবারে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।








