
গুলিসহ পিস্তল চুরি, এসআই ক্লোজড


চাঁদপুরের ফরিদগঞ্জ থানার এক এসআইয়ের বাসা থেকে ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলিসহ একটি পিস্তল চুরি করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৫ মে) ফরিদগঞ্জ থানা ভবন থেকে ১০০ গজ দূরে অবস্থিত ভাড়া বাসার তালা ভেঙ্গে এ চুরির ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় সোমবার এসআই রাকিব উদ্দিন ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।


খবর পেয়ে রাতেই চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুল চাকমা, পিবিআই পুলিশ সুপার (এডিসনাল পদে পদোন্নতিপ্রাপ্ত) এসএম মোস্তাইম, সিআইডি ও ডিবির চৌকশ টিমসহ থানার ওসি মো. শাহ্ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসআই মো. রাকিব উদ্দিন বলেন, ঘটনার দিন দুপুরে তিনি বাসা থেকে কাজের উদ্দেশ্যে বেড়িয়ে পড়েন। বিকেলে বাসায় ফিরে দরজা খোলা ও আসবাবপত্র এলোমেলো দেখতে পান। বাসার ভিতরে একটি ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দু’টি ম্যাগাজিন এবং ১৬ রাউন্ড গুলিসহ নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোরচক্র।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে একটি মামলা করেছে। তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।








