পদ্মায় ভাসছিল মাথাবিহীন মরদেহ, নিখোঁজ যুবকের পরিবারের আহাজারি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৭, ২০২৫ | ৭:৪১
Link Copied Successfully!

পদ্মা নদীতে ভাসছিল মাথাবিহীন তরুণের লাশ। আজ রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চর বরাট পদ্মা নদীর শাখা ক্যানালে লাশটি ছিল। দুপুর ১২টার দিকে দৌলতদিয়া নৌ পুলিশ এবং গোয়ালন্দ ঘাট থানা–পুলিশ লাশটি উদ্ধার করে। সুরতহাল শেষে বেলা একটার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

লাশটি জিহাদ সরদার (২৯) নামের এক যুবকের বলে দাবি তাঁর পরিবারের সদস্যদের। জিহাদ দুই দিন ধরে নিখোঁজ। তিনি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউপির কাসরন্দ গ্রামের সহিদ সরদারের ছেলে। ঢাকার একটি জাহাজ মেরামত কারখানায় শ্রমিকের কাজ করা জিহাদ গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি ফেরেন। ওই দিন রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরদিন গোয়ালন্দ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর পরিবারের লোকজন।

আজ সকালে স্থানীয় কৃষকেরা পদ্মা নদীতে মাথাবিহীন একটি লাশ দেখতে পান। নদীতে মরদেহ ভাসছে, এমন খবর ছড়িয়ে পড়লে জিহাদ সরদারের পরিবারের লোকজন নদীর পাড়ে এসে গায়ের পোশাক দেখে লাশটি জিহাদের বলে দাবি করেন। এই যুবকের বাবা, মা, দুই বোন, এক ভাই ছাড়াও অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন।

বিজ্ঞাপন

সকাল সাড়ে ৯টার দিকে পদ্মার পাড় চর বরাট এলাকায় দেখা যায়, নদীর পাড়ে নানা বয়সী উৎসুক মানুষের ভিড়। নদীর কিনার থেকে কয়েক গজ দূরে মাথাবিহীন লাশটি ভেসে আছে। স্বজনদের কান্নায় নদীর পাড়ের বাতাস ভারী হয়ে আসছে।

চর বরাট থেকে এক কিলোমিটার দূরে জিহাদদের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে বাক্‌রুদ্ধ হয়ে চেয়ারে বসে আছেন বাবা সহিদ সরদার। এ ছাড়া স্ত্রী মেঘনা খাতুন, মা ফরিদা বেগমসহ স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। মেঘনা খাতুন বলেন, তিনি প্রথম সন্তান প্রসব করবেন। ছেলে হবে জেনে জিহাদ অনেক খুশি ছিলেন। ১১ এপ্রিল বাড়ি থেকে ঢাকা যাওয়ার পর ফেরেননি জিহাদ। কয়েক দিন ধরে মেঘনা খাতুনের শরীর বেশি অসুস্থ হওয়ায় বৃহস্পতিবার শ্বাশুড়িকে নিয়ে রাজবাড়ীতে চিকিৎসক দেখাতে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে জানতে পারেন, জিহাদ এসেছেন।

মেঘনা খাতুন বলেন, ‘আমার সাথে তাঁর (জিহাদ সরদার) দেখা হয়নি। রাতে খাবার খেয়ে চাচাতো ভাই সোহাগের সঙ্গে বাইরে যান। রাত ১২টায়ও ফিরে না আসায় ফোন করলে জানান, জরুরি কাজে বাইরে আছেন, কিছুক্ষণ পর ফিরবেন। রাত দুইটার দিকে আবার ফোন করলে নরম সুরে জানান, একটু পর আসবেন। এরপরও ফেরেননি।’

বিজ্ঞাপন

জিহাদের মা ফরিদা বেগম বলেন, ‘আজ সকালে এলাকার লোকজন বলাবলি করছিল, নদীর পাড়ে একজনের গলাকাটা লাশ পইড়া আছে। আমি যাবার চাইলেও নেয়নি। পরে যাইয়া দেহি আবার ব্যাটার লাশ গাঙে ভাসতাছে। পরনের প্যান্ট আর জামা দেইখাই বুইঝা ফ্যালাইছি, এটা আমার ব্যাটার লাশ। এ ছাড়া হাত দুটি ডকে (কারখানায়) কাজ কইরা দাগ পইড়া গেছে। ওরা আমার ব্যাটারে কেন মাইরা ফ্যালাইছে?’ ফরিদা বেগম আরও বলেন, ‘আমার ছেলেকে ঢাকা থেকে ফোন করে আনা হয়েছে। অথচ শেষবারের মতো আমার ছেলের সঙ্গে দেখা হয়নি। বারবার ফোন করলেও না ধরায় বুঝেছিলাম বিপদে আছে। কিসের বিপদ, কারা ওকে নিয়েছিল, বুঝতে পারলাম না। চাচাতো ভাই সোহাগ সারাক্ষণ সঙ্গে ছিল। ওই সোহাগই জানে জিহাদের কী হয়েছিল?’

ঘটনাস্থলে উপস্থিত গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক ফারুক হোসেন বলেন, স্থানীয় কেউ কেউ দুই দিন আগে নিখোঁজ জিহাদের লাশ দাবি করছেন। লাশ উত্তোলনের পর এবং তাঁর মাথা খুঁজে পেলে নিশ্চিত না হয়ে জিহাদের লাশ কি না, বলা যাচ্ছে না।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মাথাবিহীন লাশটি দুপুরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্ত করতে ফরিদপুর থেকে পিবিআইয়ের দল কাজ করছে। শনাক্ত না হওয়া পর্যন্ত জিহাদের লাশ কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি