
চাঁদপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের শিরোপা চাঁদপুর সদর ও ফরিদগঞ্জের
চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার


মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ এবং তরুণ সমাজকে খেলাধুলাসহ সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইনালে পুরুষ বিভাগে চাঁদপুর সদর ও শাহরাস্তি থানা মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ খেলায় শাহরাস্তি থানাকে ৭০-২৪ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর সদর।
অন্যদিকে নারী বিভাগের ফাইনালে ফরিদগঞ্জ ও হাইমচর অংশ নেয়। খেলায় ফরিদগঞ্জ ২৩ পয়েন্ট এবং হাইমচর ২১ পয়েন্ট অর্জন করে। ফলে ২ পয়েন্টের ব্যবধানে ফরিদগঞ্জ নারী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


তিনদিনব্যাপী এ কাবাডি প্রতিযোগিতায় জেলার আট উপজেলার পুলিশ সদস্যদের অংশগ্রহণের মধ্য দিয়ে খেলাধুলার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্পৃক্ততা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তিনি বিজয়ী দলগুলোর খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
তিনি বলেন, আমি চাই চাঁদপুর (আমার) জেলা থেকে অন্ততঃ একজন ছেলে একজন মেয়ে হলেও যেন আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করতে পারে সে জন্য আরও ব্যাপকহারে ট্রেনাফ করানো হবে। এছাড়াও যারা আজকে বিজয়ী হয়েছে এবং রানার্স আপ হয়েছে উভয়কে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা বিকাশে সহায়ক হবে। একই সঙ্গে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।
কাবাডি চ্যাম্পিয়নশিপের মাধ্যমে খেলাধুলাকে কেন্দ্র করে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁদপুর সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।



























