
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাজীগঞ্জে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ


আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গনহত্যার বিচারের দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি শাহাদাত হোসেনের নেতৃত্বে মিছিলটি বের হয়।
মিছিলটি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠ থেকে শুরু হয়ে পূর্ব বাজার প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে সমাবেশে মিলিত হয়।


ওই সময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজীগঞ্জ উপজেলার শিক্ষার্থী প্রতিনিধি শাহাদাত হোসেন।
তিনি বলেন, অতিবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচার করতে হবে। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মাঠে থাকবে।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের দোশোররা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বিক্ষোভ মিছিলে ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাকিবুল হাসান, আব্দুল কাদের রাকিব, আবির হাসান আব্দুল্লাহ, তুহিন সহ অনেকেই উপস্থিত ছিলেন।








