
সৌদি পৌঁছেছেন ৪৭ হাজার হজযাত্রী, দুই বাংলাদেশির মৃত্যু


বাংলাদেশ থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ৪৬ হাজার ৭০৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। শনিবার বিভিন্ন সময়ে আটটি ফ্লাইটে আরো তিন হাজার হজযাত্রীর ঢাকা ত্যাগের কথা রয়েছে। হজ পালনে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। শনিবার (৩ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মারা যাওয়া হাজীরা হজ পালনের উদ্দেশ্যে মক্কায় অবস্থান করছিলেন।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মারা যাওয়া হাজীদের একজনের নাম মো. আব্দুল ওয়াহেদ (৪৬)। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তিনি খন্দকার ব্রাদার্স নেটওয়ার্ক নামের একটি এজেন্সির মাধ্যমে হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। গত ২৫ মে নাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে জেদ্দা গিয়েছিলেন তিনি।
অন্যজনের নাম শাহানারা বেগম (৬৪)। তার বাড়ি ঢাকার ডেমরার আলীমাবাদ। শুক্রবার (২ জুন) মক্কায় অবস্থানকালে মারা যান তিনি। সালামত হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুর নামক এজেন্সির মাধ্যমে হজ পালনে গিয়েছিলেন তিনি।


শাহানারা বেগম গত ২৬ মে ঢাকা থেকে সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে জেদ্দা গিয়েছিলেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এখন পর্যন্ত এবারের হজ মিশনের কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। তবে এ পর্যন্ত দুইজন হাজী মৃত্যুবরণ করেছেন। বয়সজনিত শারীরিক জটিলতা বা হিটস্ট্রোকে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাষ্ট্রীয় খরচে হজে যাবেন ২৩ জন, ফ্লাইট ২১ জুন
চলতি বছর রাষ্ট্রীয় খরচে হজে যাবেন ২৩ জন। তাদের ফ্লাইট আগামী ২১ জুন। বাংলাদেশ বিমানের ফ্লাইটে তারা সৌদি আবর যাবেন এবং আগামী ২০ জুলাই দেশে ফিরবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন আশকোনা হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম।
অন্যান্য বছর সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ইমামসহ ২৫০ থেকে ৩০০ ব্যক্তি রাষ্ট্রীয় খরচে হজে যেতেন। চলতি বছর হজের খরচ বেড়ে যাওয়ায় এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্রীয় খরচে হজ পালনকারীর সংখ্যা কমিয়েছে সরকার। এ বছর রাষ্ট্রীয় খরচে যারা হজ পালনে যাবেন তাদের বিমান ভাড়া নিজেরদেরই পরিশোধ করতে হবে।
সূত্র: প্রতিদিনের বাংলাদেশ
E/N








