
অসুস্থ হয়ে হাসপাতালে শিক্ষিকা মমতাজ: খালি বাসার তালা ভেঙে নিয়ে গেলো লাখ লাখ টাকা


অসুস্থ শরীর নিয়ে ঢাকা ইবনেসিনা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের শিক্ষিকা মমতাজ বেগম। এ সুযোগে সারাজীবনের অর্জিত সঞ্চয় নিয়ে নিঃস্ব করে দিলো চোরচক্র।
ঘটনাটি হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড টোরাগড় প্রফেসর পাড়ার স্কুল শিক্ষিকা মমতাজ বেগমের নিজস্ব বসতঘরে ঘটে। এ চুরির ঘটনায় নগদ সাড়ে আট লাখ টাকা’সহ মোট ৩০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগী মমতাজ বেগমের স্বামী মো. আবুল কালাম পাটোয়ারী জানান, গেলো রোববার সন্ধায় তার স্ত্রী মমতাজ বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে ঢাকার একটি হাসপাতালে যায়। বসতঘরে চুরির খবর পেয়ে এসে দেখি সব কিছু ছিন্নভিন্ন হয়ে আছে।


ধারণা করা হচ্ছে রোববার সন্ধা থেকে সোমবার বিকালের মধ্যে এ চুরির ঘটনা ঘটানো হয়েছে।
এ বিষয়ে ভুক্তভুগী মমতাজ বেগমের স্বামী আবুল কালাম পাটোয়ারী বাদী হয়ে বুধবার দুপুরে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বসতঘরের তালা ভেঙে আলমারিতে থাকা তার সন্তানকে শিক্ষার্থী ভিসায় প্রবাসে পাঠানোর জন্য জমাকৃত সাড়ে সাত লাখ টাকা, তার স্ত্রী’র শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও বাসার আইপিএস, কম্পিউটার মনিটর’সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় চোরচক্র।
এতে তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জোবাইর সৈয়দ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য উপ-পরিদর্শক ইউনুসকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।








