
গ্যাস স্বাভাবিক হতে ১০ থেকে ১২ দিন লাগবে : জ্বালানি প্রতিমন্ত্রী


দুই দিনের মধ্যে গ্যাস সরবরাহের উন্নতি হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে ১০ থেকে ১২ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। রবিবার (১৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দুই দিনের মধ্যে গ্যাস সরবরাহের উন্নতি হবে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে ১০ থেকে ১২ দিন। আশা করছি লোডশেডিং পরিস্থিতিরও উন্নতি হবে। গভীর সমুদ্রে থাকা এলএনজি টার্মিনাল দুটি সরিয়ে নেওয়া হয়েছিল। এর মধ্যে একটি দুই দিনের মধ্যেই চালু হবে। পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্যটি চালু করতে সময় লাগবে। এ কারণেই গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।
কয়েক দিন ধরে রাজধানীসহ সারা দেশে লোডশেডিং হচ্ছে। দিনের আলো নিভতেই বাসাবাড়ি থেকে রাজপথ-রাজধানীর অনেক জায়গা মিশে যায় অন্ধকারে।


পাশাপাশি গ্যাস প্রবাহও ব্যাহত হচ্ছে। শনিবার রাতে প্রতিমন্ত্রী ফেসবুকে লিখেছেন, ‘অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে স্বাভাবিকভাবেই বেশ কয়েকটি গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আংশিক চালু ও বন্ধ রয়েছে। ফলে ঢাকাসহ দেশের অনেক জায়গায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না।’
দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাওয়া মাত্রই ভাসমান টার্মিনালগুলো থেকে গ্যাস সরবরাহ এবং গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালু করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
সূত্র: প্রতিদিনের বাংলাদেশ
E/N








