
শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রভাব পড়বে না: শিক্ষামন্ত্রী
Link Copied Successfully!

শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রভাব পড়বে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার দুপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ উপলক্ষে মতবিনিময় সভা ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। করোনা টিকা গ্রহণের সাফল্যের ক্ষেত্রে সারাবিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। দেশের অধিকাংশ মানুষ ও প্রায় সকল শিক্ষার্থীকে ইতিমধ্যে আওতায় নিয়ে আনা হয়েছে। এখন ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদেরকেও টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। তবে মাঝে মাঝে করোনা আক্রান্তের সংখ্যা একটু বাড়লেও আশা করা যায় শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের কোন অসুবিধা হবে না। কারণ তারা ইতোমধ্যে টিকা গ্রহণ করেছে এবং তারা সুরক্ষিত থাকবে বলে আমরা আশা করি। তবে টিকা দেওয়া থাকুক বা না থাকুক সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার আহবান জানান শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। পরে তিনি পদ্মা ও মেঘনায় নৌ পুলিশের উদ্যোগে আয়োজিত নৌ-র্যালিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে ওই সময় উপস্থিত ছিলেন, নৌ পুলিশের অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ জেলে ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।








