
হুমকির মুখে প্রশাসনিক ও আবাসিক ভবন
শাহরাস্তিতে পুকুর ভাঙ্গন আতংকে বাসা ছাড়ছেন সরকারি কর্মকর্তারা
শাহরাস্তিতে পুকুর ভাঙ্গন আতংকে বাসা ছাড়ছেন সরকারি কর্মকর্তারা -- পপুলার বিডিনিউজ 
শাহরাস্তি উপজেলা পরিষদের পুকুর উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে এখন হুমকির মুখে পড়েছে পুকুরের চারপাশে থাকা ভবন গুলো। ইতিমধ্যেই প্রকল্পটি যেন পুকুরে তলিয়ে যাচ্ছে। ভাঙ্গনের মুখে আতংকিত হয়ে বসবাস করছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ। কেউ কেউ বাসা ছেড়ে চলে গেলেও অনেকেই অনত্র বাসা ভাড়া নিতে ছুটাছুটি করছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন প্রকল্পের অধীনে শাহরাস্তি উপজেলার উপজেলা পরিষদ কমপ্লেক্স পুকুর ও চিতোষী আর এম উচ্চ বিদ্যালয়ের পুকুরের উন্নয়ন বরাদ্দ দেয়া হয়। এতে ৮৪ লক্ষ ৩১ হাজার টাকার চুক্তি মূল্যে চাঁদপুরের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স আলিফ এন্টারপ্রাইজ কাজ শুরু করে। রমজানের প্রথম সপ্তাহে তারা পুকুর দুটির উন্নয়ন কাজের উদ্বোধন করেন। পুকুরের মাঝখান থেকে বেকু দিয়ে চারপাশে ওয়াকওয়ে নির্মাণ করা হয়। তড়িঘড়ি করে পুকুর খননের কাজ ঈদের আগেই সমাপ্ত করা হয়। ওয়াকওয়ে নির্মাণের সপ্তাহ পার না হতেই চারপাশে ওয়াকওয়ে ধসে পড়া শুরু হয়। পুকুরটি বারবার সেচেও প্রকল্পের বাকি কাজ করতে ব্যার্থ হয় ঠিকাদার প্রতিষ্ঠান। বর্তমানে পুকুরটি ভয়ংকর রূপ ধারণ করেছে।
উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান জানান, বেলে মাটির কারণে চারপাশের মাটি গুলো ধসে পড়ছে। এখানে এ প্রকল্পটি দেয়া ঠিক হয়নি। মাটির ধস ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্যাহ চৌধুরী জানান, রাতে তার ঘুম হয়নি। কখন ভবনটি ধসে পড়ে সেই চিন্তায় আছেন। পরিষদের বাহিরে বাসা খুঁজছি, এখানে আতংকের মধ্যে বসবাস করা যাবে না।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলাম স্বপরিবারে পুকুরের পাড়ের ভবনে বসবাস করছেন। তিনিও পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদে চলে যাবেন বলে জানান।ইতিমধ্যে পল্লী দারিদ্র বিমোচন অফিসার শাহ জাহান ভবন ছেড়ে দিয়েছেন।
উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ আহমেদ বলেন, পুকুরটি আগেই ভালো ছিল, মুসল্লিগণ এখানে অজু ও গোসল করতো, মাছ চাষ হতো, এখন সুন্দর্য বাড়াতে গিয়ে উল্টো বিপদ ডেকে আনা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ জানান, এ প্রকল্পটি উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলেছে। এখন আমাদের ভাঙ্গন ঠেকাতে হবে, আমি উপজেলা প্রকৌশলীকে বলেছি, এমপি স্যারের বিশেষ বরাদ্দ থাকে প্যালাসাইটিংয়ের ব্যাবস্থা করা হচ্ছে।
পপুলার বিডিনিউজ, শাহরাস্তি , চাঁদপুর।








