
২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী


”আনন্দময় শিক্ষা, কারিগরি ও জীবনমুখী শিক্ষা” বাস্তবায়নের কথা জানিয়ে ২০২৭ সালের জানুয়ারিতে সারাদেশে ৩১ কোটি গুণগত মানসম্পন্ন নতুন পাঠ্যবই বিতরণের ঘোষণা দেওয়া হয়েছে। একইসাথে পাঠ্যবইয়ে বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা হবে, কোনো ধরনের বিকৃতি চলবে না বলেও জানিয়েছেন শিক্ষা মন্ত্রী আনম এহসানুল হক মিলন।
তিনি শুক্রবার বিকালে চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত “শিক্ষক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা জানান।
তিনি বলেন, “আনন্দময় শিক্ষা শুরু হয়ে গেছে। সিক্স থেকে এইট পর্যন্ত আমরা নতুন বই দেখছি। কারিগরি শিক্ষা, জীবনমুখী শিক্ষা – এগুলোকে সামনে রেখে নতুন বই লেখা হচ্ছে। ২০২৭ সালের জানুয়ারিতে আমরা সারা বাংলাদেশে একত্রিশ কোটি কোয়ালিটি সম্পন্ন বই বিতরণ করবো।


বইয়ের কনটেন্ট প্রসঙ্গে তিনি বলেন, “এর মধ্যে আমাদের বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে থাকবে। কোনো ইতিহাসকে বিকৃত করা চলবে না। ইতিহাস তার আপন গতিতে চলবে।”
শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “প্রতিটি উপজেলায় নিজস্ব টিম থাকবে। সারা বাংলাদেশে ৫টি বিভাগীয় ও ৬৪টি জেলায় এই খেলা শুরু হবে। আমরা চাই শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও কালচার চর্চা করুক। সিলেবাসে খেলাধুলা ও ফ্যামিলি ভ্যালু ইনক্লুড করা হয়েছে।”
মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ,
উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন,সাধারন সম্পাদক মাসুদ এলাহী সুভাষ।








