
অর্থনৈতিক শুমারি ২০২৪ এর জাতীয় প্রতিবেদন প্রকাশ কর্মশালা


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ রবিউল হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক মো: এরশাদ উদ্দিন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিবেদন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মানিক হোসেন।
শুমারির মূল তথ্য:
সিএপিআই ও জিআইএস ম্যাপিং ব্যবহার করে দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালিত হয়। এতে ৮৭,৪১৯ জন গণনাকারী অংশ নেন।


১. জাতীয় চিত্র: ২০২৪ সালে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি, যা ২০১৩ সালের চেয়ে ৪৯.৬৮% বেশি। নিয়োজিত জনবল ৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন, বৃদ্ধি ২৫.০৩%। মোট জনবলের ৮৩.২৮% পুরুষ ও ১৬.৭১% নারী।
২. চাঁদপুরের চিত্র: জেলায় বর্তমানে অর্থনৈতিক ইউনিট ১ লাখ ৮০ হাজার ৩৯টি। এর মধ্যে স্থায়ী ১ লাখ ১ হাজার ১৩০টি, অস্থায়ী ৫ হাজার ৭৯৭টি ও অর্থনৈতিক খানা ৭৩ হাজার ১১২টি। গত এক দশকে ইউনিট বেড়েছে ৬৯.৪৬%। এসব ইউনিটে নিয়োজিত আছেন ৩ লাখ ৪১ হাজার ৯৯৩ জন, যার মধ্যে পুরুষ ৩ লাখ ১২ হাজার ১৫৮ জন ও নারী ২৯ হাজার ৮৩৫ জন।
৩. খাতভিত্তিক চিত্র: দেশের মোট অর্থনৈতিক ইউনিটের ৯০.০২% সেবা খাতের এবং ৯.৯৮% শিল্প খাতের। ‘পাইকারি ও খুচরা ব্যবসা এবং মোটরযান মেরামত’ খাত সর্বোচ্চ ৪১.৮২%। চাঁদপুরে ৫৩টি বৃহৎ, ৪১৬টি মাঝারি, ৬ হাজার ৬৭২টি ক্ষুদ্র, ১ লাখ ৪ হাজার ৫৫৯টি মাইক্রো ও ৬৮ হাজার ৩৩৯টি কুটির শিল্প রয়েছে।
কর্মশালায় জানানো হয়, অর্থনৈতিক শুমারির তথ্য দেশের শিল্পনীতি ও পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক চলমান স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার জরিপে সবার সহযোগিতা কামনা করেন।
কর্মশালায় জেলা পরিষদের প্রশাসক, সিভিল সার্জন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের প্রধান, চেম্বার নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




























