
চাঁদপুরে পুলিশের অভিযান: ১১৯ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী ও ৫ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার


চাঁদপুরে পুলিশের পৃথক অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ও শনিবার জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা এসব অভিযান চালায়।
১১ জুন বৃহস্পতিবার ফরিদগঞ্জের মধ্য বিষকাটালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবাসহ মো. মেহেদী হাসান তুহিন ওরফে ইলিয়াস (২৮) কে গ্রেফতার করে পুলিশ। তিনি সন্তোষপুর কবিরাজ বাড়ির আলী আহম্মদ কবিরাজের ছেলে।
একই দিন শোসাইরচর এলাকায় আরেক অভিযানে ১০ পিস ইয়াবাসহ মো. তানভীর হোসেন (২৪) কে গ্রেফতার করা হয়। তিনি সোসাইর চরের এম এ মান্নানের ছেলে। উভয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।


১২ জুন শুক্রবার রাত পৌনে ৯টায় সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও থেকে ৯০ পিস ইয়াবাসহ মো. রবিউল গাজী (২৭) কে গ্রেফতার করে ডিবি। তিনি বড় শাহতলী গাজী বাড়ির নুরু গাজীর ছেলে। তার বিরুদ্ধেও মাদক আইনে মামলা হয়েছে।
১১ জুন আলোনিয়া এলাকা থেকে জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি কবির ওরফে হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হয়। ১৩ জুন রাত ১২টা ৫ মিনিটে বড়ালী এলাকা থেকে যৌতুক নিরোধ আইনের সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. কবির হোসেন রাঢ়ীকে গ্রেফতার করে পুলিশ।
১৩ জুন শনিবার শাহরাস্তি থানা পুলিশ তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করে। তারা হলেন: কাজির কাপ গ্রামের সেকান্দর আলী, নিজ মেহের গ্রামের নুপুর চন্দ্র পাল এবং কৃষ্ণপুর মোল্লা বাড়ির মোস্তফা কামাল (৬০)। সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সুপার মো. রবিউল হাসানের দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়। চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

















