
মতলবে শ্রমিক হত্যাকান্ড: ৭ ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার


চাঁদপুরের মতলব দক্ষিণে গরুর খামারের শ্রমিক মনজিল শেখ (৫৫) হত্যাকান্ডের ঘটনার ৭ ঘন্টার মধ্যে প্রধান আসামি সাগর হোসেন(২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা থেকে প্রধান আসামি সাগর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার( মতলব সার্কেল) জবীর হুসাইন সানীব।


পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর প্রধানীয়া বাড়ির ইয়াকুব প্রধানের এমএসপি এগ্রো নামের গরুর খামারের দু’শ্রমিক সাগর হোসেন ও মনজিল শেখ খামারে কর্মরত ছিল। খামারের কাজ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ ও মারামারি হতো। যা থেকে শত্রুতা সৃষ্টি হয়। এরই জেরে পরিকল্পিতভাবে শনিবার রাতে যেকোনো সময় ধারালো অস্ত্র দিয়ে মনজিল শেখের মাথার পেছনে আঘাত করে। এতে মনজিল শেখের ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহত মনজিল শেখ মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার উত্তর বাড়ৈগাঁও গ্রামের মৃত কালু শেখের ছেলে। নিহত মনজিল শেখ গরুর খামারে ৪ বছর ধরে কাজ করতো। এদিকে হত্যাকান্ডের প্রধান আসামি সাগর হোসেন সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের আব্দুল জব্বরের ছেলে। দেড় বছর যাবৎ এই খামারে গরু দেখাশোনার কাজ করত সাগর হোসেন।
হত্যাকান্ডের খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ঘটনার পর আসামি সাগর হোসেন ঢাকা হয়ে গুলিস্তান থেকে ভারতে পালানোর উদ্দেশ্যে সাতক্ষীরার টিকেট ক্রয় করে। সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এর নেতৃত্বে এবং ওসি হাফিজুর রহমান মানিকের তত্বাবধানে এসআই জীবন সঙ্গীয় ঘটনাস্থলে তদন্ত করে একাধিক স্থানে অভিযান শুরু করে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে পালিয়ে যাওয়া আসামিকে সাতক্ষীরা জেলা পুলিশের সহায়তায় বর্ডার অতিক্রম করে ভারত যাওয়ার পূর্বেই মামলার প্রধান আসামি সাগর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
খামারের মালিক সেলিম প্রধানীয়ার ছোট ভাই মো. ইয়াকুব প্রধান বলেন, মনজিল শেখ ও সাগর হোসেন দীর্ঘদিন যাবৎ আমাদের গরুর খামারে কাজ করতো।তাদের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা আগে-পরে বেশ কয়েকবার হয়েছে এবং তা আবার সমাধান করে দেয়া হয়েছে।তিনি আরো বলেন,প্রতিদিনের ন্যায় রোববার সকালে গরুর খামারের খোঁজ খবর নিতে গিয়ে দেখি, খামারে কোন সাড়া শব্দ নেই। খামারে থাকা সাগর ও মনজিল শেখ দুজনকেই ডাক দিলে কোন সাড়াশব্দ না পেয়ে এগিয়ে গিয়ে দেখতে পাই মনজিল শেখের রক্তাক্ত মরদেহ চৌকির উপর পড়ে আছে।পরে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মনজিল শেখের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে মুক্তা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।
সহকারী পুলিশ সুপার( মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, মামলার প্রধান আসামি সাগর হোসেন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ ঘন্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।








