
ফরিদগঞ্জে এক ঘুষিতে সিএনজি চালক নিহত, বাবা-ছেলেসহ আটক ৩


চাঁদপুরের ফরিদগঞ্জে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে এক ঘুষিতে বিল্লাল হোসেন (৫০) নামে সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এই ঘটনায় শুক্রবার রাতে চাঁদপুর শহরের কালীবাড়ী থেকে অভিযুক্ত আবুল বাশার (৬০), তার ছেলে মোঃ শাহাদাত হোসেন (৪০) ও মোঃ ইমাম হোসেন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
এরআগে শুক্রবার বিকেলে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন উপজেলার ইছাপুর গ্রামের আলমগীর ভেন্ডার বাড়ির বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা কামাল ভেন্ডার, সাদ্দাম হোসেন জানান, বিল্লাল হোসেন ও আবুল বাশার প্রতিবেশি। উভয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বৃহষ্পতিবার এসব বিষয় নিয়ে থানায় অভিযোগ করেন আবুল বাশার। বিকেলে ইছাপুরা গ্রামের রমজান আলী লিটনের দোকানের সামনে উভয়ের মধ্যে এসব নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল বাশার বিল্লাল হোসেনকে হঠাৎ করেই পিছন দিক থেকে ঘাড়ে ঘুসি দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল মাটিতে লুটিয়ে পড়েন।দ্রুত স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।


ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রাথমিকভাবে জানা গেছে, কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে অভিযুক্ত আবুল বাশার বিল্লাল হোসেনকে একটি ঘুষি মারেন। এতে তিনি মাটিতে পড়ে যান এবং পরে তার মৃত্যু হয়।
পুলিশ সুপার রবিউল হাসান জানান, হামলার ঘটনার তিন ঘন্টার মধ্যে শুক্রবার রাতে অভিযুক্ত আবুল বাশার ও তার দুই ছেলেকে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলায় তাদেরকে শনিবার চাঁদপুর আদালতে পাঠানো হবে।








