
বঙ্গোপসাগরে লঘুচাপ, পরিণত হতে পারে নিম্নচাপে


বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। শক্তি সঞ্চয় করে এটি নিম্নচাপে পরিণত হতে পারে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তার কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগরে লঘুচাপটি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি ঘনীভূত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বেড়ে যাওয়া অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি অঞ্চলে অবস্থান করছে।
এদিকে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, বঙ্গোপসাগরে গত শনিবার একটি ঘূর্ণিবায়ু সৃষ্টি হয়েছে। এটি লঘুচাপ ও পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ‘মোখা’।


২৬ এপ্রিল থেকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি ও পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস দিয়ে আসছেন।
২৪ ঘণ্টার পূর্বাভাস
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে : রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের সব জেলা; ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, বান্দরবানসহ দেশের ৪৩ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মানের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকবে। অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
এ ছাড়া আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।
৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ তাপমাত্রাকে মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি হলে তীব্র ও ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে অতি তীব্র তাপমাত্রা বলা হয়।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বাংলাদেশের ওপর দিয়ে আবারও মৃদু থেকে মাঝারি মানের তাপপ্রবাহ অতিক্রম করার আশঙ্কা রয়েছে। শনিবার (১৩ মে) পর্যন্ত সপ্তাহব্যাপী এ তাপপ্রবাহ চলতে পারে।
সূত্র: প্রতিদিনের বাংলাদেশ
E/N








