
ঈদের দিনে সাকিব বললেন ‘শেকড়কে ভুলে যেও না’


শেকড়ের টানে প্রতি ঈদেই শহর ছেড়ে গ্রামে ফিরে যায় মানুষ। পরিবারের সঙ্গে ঈদ পালনে অনেকে জীবন বাজি রেখে ট্রেন-বাসের ছাদে চেপে বাড়ির অভিমূখে ছোটেন। দুর্ঘটনায় সড়কে ঝরে যায় অনেক প্রাণ। তবু শেকড়ের টানে বাড়ি ফেরা বন্ধ হয় না। ব্যস্ত নাগরিক জীবনে বড় ছুটি বলতে তো ঈদের ছুটিকেই বোঝায়। তিন-চারটা দিন তাই সবাই একটু হাঁফ ছেড়ে বাঁচতে চায়।
বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও এবার মাগুরায় নিজের বাড়িকে ঈদ পালন করছেন। সেটাও দীর্ঘ ৭ বছর পর। সর্বশেষ ২০১৭ সালে মাগুরায় ঈদ করেছিলেন সাকিব। সোশ্যাল সাইটের কল্যাণে সাকিবের ঈদ পালনের দৃশ্য দেখতে পারছেন ভক্তরা। আজ ঈদের দিন সন্ধ্যায় সাকিব নিজেই একটা ছবি পোস্ট করেছেন ফেসবুকে। যাতে দেখা যাচ্ছে, মাগুরায় গ্রামীণ পরিবেশে বন্ধুদের সঙ্গে তিনি ক্রিকেট খেলছেন।
বাংলাদেশের সব ক্রিকেটারেরই খেলার সাথে পরিচয় হয় এভাবে। একটু ফাঁকা জায়গা পেলেই ব্যাট-বল হাতে নেমে যাওয়া। মাগুরায় যাওয়ার পর সাকিব তারকাখ্যাতি পেছনে ফেলে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন। তাদের বেড়ানোর ছবিও পাওয়া যাচ্ছে সোশ্যাল সাইটে। এবার ক্রিকেট খেলার ছবি শেয়ার করে ক্যাপশনে সাকিব লিখলেন, ‘কখনো নিজের শেকড়কে ভুলে যেও না’। বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব তার শেকড়কে ভুলে যাননি। কিন্তু বিখ্যাত হওয়ার পর সবাই কি তার অতীতকে মনে রাখে?


সূত্র: কালের কণ্ঠ
E/N








