
চাঁদপুরে দুই দিনে ৫৮ জেলে আটক


পদ্মা-মেঘনা নদীতে জাটকা নিধনের দায়ে গত ৪৮ ঘণ্টায় চাঁদপুরে আরও ৫৮ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ৬৫ কেজি জাটকা ইলিশ, পাঁচটি নৌকা ও ৫ লাখ ৪৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান।
ওসি মো. কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার অভিযান চালিয়ে বিভিন্নস্থান থেকে মোট ২৯ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ১৫ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ২ মাস ১৫ দিন ও ৯ জেলের ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়।
এর আগে বুধবার রাত আড়াইটায় আরেক অভিযানে ২৯ জেলেকে আটক ও ১৮৮ কেজি জাটকা জব্দ করা হয়।


বুধবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা ১ মিনিট পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনায় চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষ্মীরচর, মিনি কক্সবাজার, হরিনা ফেরিঘাট, সফরমালি, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ।








