
সাড়ে সাত লাখ টাকা ছিনতাইকারী দুই ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার
পুলিশের পোশাক ও হ্যান্ডকাফ জব্দ


সাড়ে ৭ লাখ টাকা টাকা ছিনতাইয়ের ঘটনায় কুমিল্লা থেকে দুই ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন চাঁদপুর সদর উপজেলার মদনা পশ্চিমপাড়া কাজী বাড়ির মিন্নাত আলী গাজীর ছেলে মিন্টু গাজী (৪০), ফরিদপুর জেলার আলপাডাঙ্গা উপজেলার ধোলারচর মোল্লা বাড়ির আব্দুর রউফের ছেলে কেরামত আলী (৫০)। সোমবার বিকালে তাদের চাঁদপুর আদালত জবানবন্দি শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি জোবাইর সৈয়দ।
তিনি জানান, রবিবার দিনভর অভিযান পরিচালনা করে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন কুমিল্লা সাউদ ফিলিং স্টেশন থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের কাছে পুলিশের পোশাক ও হ্যান্ডকাফ জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সটকে পড়লে দু’জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।


পুলিশ জানায়, গত ২২ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ উপজেলার হৃদয় হোসেন (২০) নামে এক ব্যক্তি হাজীগঞ্জ বাজার ইসলামী ব্যাংক শাখা থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন । আরো দুইটি চেক নিয়ে হাজীগঞ্জ বাজার থেকে রওনা দিলে হাজীগঞ্জ – রামগঞ্জ সড়কের জিয়ানগর ব্রিকফিল্ডের কাছে পৌঁছালে একটি মাইক্রোবাস তার সিএনজির গতিরোধ করে। প্রশাসনের লোক পরিচয়ে হৃদয়কে নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। পরের চোখ মুখ বেঁধে চান্দিনা এলাকায় নিয়ে ছেড়ে দেয়।
এ ঘটনায় ফরিদগঞ্জ উপজেলার মনির হোসেন চৌধুরী বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। পরে হাজীগঞ্জ থানা পুলিশ পাঁচদিনের মাথায় তাদেরকে আটক করতে সক্ষম হয় ।
হৃদয় হোসেন ফরিদগঞ্জ উপজেলা শোল্লা বাজারের ইসলামী ব্যাংক অনলাইন ব্যাংকিং শাখার অফিস সহকারী।
হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোঃ জুবায়ের সৈয়দ জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । এ ঘটনা জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটির তদন্তের দায়িত্বে ছিলেন পুলিশের উপ-পরিদর্শক মেসবাউল হক।








