
হাজীগঞ্জে যুবদলের মিছিলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া


শনিবার বিকেলে হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আক্তার হোসেন দুলালের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিটি হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড টোরাগড় থেকে বের হয়ে পূর্ব বাজার ব্রিজের কাছে গেলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে যুবদল সমর্থিত নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে কয়েকটি টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুঁড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ওই মূহুর্তে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
মুহুর্তের মধ্যেই স্তব্ধ হয়ে যায় পূর্ব বাজার ব্রিজ থেকে হাজীগঞ্জ পৌরসভা ভবন টোরাগড় এলাকা। তবে আহতের কোন খবর পাওয়া যায়নি।
মিছিল না করতে পেরে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সম্মিলিত হয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে ওই সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।


বক্তৃতায় তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বাঁধা দেয়নি। পুলিশের কারনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি করতে পারেনি যুবদল।
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ওই সময় উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল’সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








