
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন
Link Copied Successfully!

৫৭০ খ্রিষ্টাব্দের এ দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মোহাম্মদ (সা:) দুনিয়াতে আসেন। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩ বছর বয়সে ৬৩২ খ্রিষ্টাব্দে ১১ হিজরির ঠিক এ দিনেই তিনি দুনিয়া থেকে বিদায় নেন। দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ গুরুত্ব বহন করে।
বাংলাদেশে দিনটি সরকারিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: হিসেবে পালিত হয়। সেই ধারাবাহিকতায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী।
বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে কলেজের শিক্ষক মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মাসুদ আহাম্মদ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, হযরত মুহাম্মদ (সাঃ) কে আল্লাহ তায়ালা মনবতার শিক্ষক হিসেবে প্রেরণ করেন। তিনি এমন সময় প্রেরিত হন, যখন সমগ্র আরব রাষ্ট্র অন্ধকারে নিমজ্জিত ছিল। যে সমাজে মানুষের কোন প্রকার অধিকার ছিল না, নারীদের কোন সমাজিক মর্যাদা ছিল না। ঠিক এমন সময় আল্লাহ তায়ালা তাঁকে মানব জাতির পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেন। পরবর্তীতে তিনি নবুয়াত প্রাপ্ত হন এবং এমন এক কিতাব ও ধর্ম তাঁর ওপর অবর্তীর্ণ করা হয় যা সমগ্র বিশ্বের জন্য অনুকরণীয়। তাঁর দেখানো পথই আমাদের জন্য আদর্শ। তাঁর বৈশিষ্ট্য আমাদের মাঝে ধারণ করতে হবে, লালন করতে হবে।
অনুষ্ঠানে ওই সময় বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক মো. সেলিম, গ্রন্থাগার প্রভাষক মো. ফয়েজ আহাম্মদ, সহকারী শিক্ষক শেখ মো. মিজানুর রহমান, কলেজ ইমাম মো: হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক আবু নোমান মো: মফিজুর রহমান। অনুষ্ঠানে ওই সময়, কলেজর শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:







