
‘নির্বাচনের পরিবেশ অস্বাভাবিক হলে যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হব’


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচন চলাকালীন আমার পদ্মার নির্বাচনী এজেন্টকে দুই ঘণ্টা আটকে রেখে ভেন্যুতে হয়রানি করা ও তার কাজে বিঘ্ন ঘটানো হয়েছে, যা জনমনে নেতিবাচক প্রভাব তৈরি করেছে। এ পরিস্থিতির মধ্যে আমরা মাঠে আছি। শেষ পর্যন্ত থাকতে চাই। যদি পরিবেশ অস্বাভাবিক দেখি, তাহলে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি। আপাতত আমি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করব, তারপর নেতাকর্মীদের সঙ্গে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় তিনি গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, এ নির্বাচনে পুরোনো কালচার, কালোটাকার আধিপত্য, অপশক্তির ব্যবহার হচ্ছে। এই নির্বাচনে আওয়ামী লীগ নেই। এক পক্ষের মধ্যে একটি প্রতিযোগিতা হচ্ছে, সবাই একসময় অপজিশনে ছিল। যার ফলে এখন নিজেরা নিজেদের ঘায়েল করার জন্য নানা ধরনের তৎপরতায় লিপ্ত রয়েছে। টাকা খরচ করতে না পারায় আমরা প্রশাসনের সহযোগিতা পাচ্ছি না বলে অভিযোগ করেন নুর। এই নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে, সে যত বড় কর্মকর্তা আর যাই হোক না কেন, তাকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাব যে কোনো মূল্যে। যদি এই নির্বাচনে কেউ অনিয়ম ও পক্ষপাতের চেষ্টা করে, তার পরিণাম ভালো হবে না। নির্বাচন কমিশনের সঙ্গে আমার নিয়মিত নির্বাচনের সার্বিক পরিবেশ-পরিস্থিতি নিয়ে কথা হচ্ছে। আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি, এই নির্বাচনে যদি কোনো অনিয়ম ও পক্ষপাতমূলক কিছু ঘটে, তাহলে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হব।


ভোট দেওয়া শেষে কেন্দ্রের পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
নুরুল হক বলেন, ‘৩৩ বছর বয়সে জাতীয় নির্বাচনে জীবনে এই প্রথম ভোট দিলাম, তাও আবার নিজেই একজন প্রার্থী হিসেবে। আজ প্রথমবার ভোট দিতে পেরে সত্যিই ভালো লাগছে। দীর্ঘদিন পর দেশের মানুষ একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে—এটাই বড় অর্জন। আশা করি, দিনশেষে জনগণের রায়ই প্রতিফলিত হবে।’
এদিকে পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে একযোগে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুরো জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।








