
হাজীগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস উদযাপন


বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক র্যালী ও আলোচনা সভা রোববার ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
দিবস টি উপলক্ষ্যে একটি সচেতনতামূলক র্যালী বের করা হয় এবং সাধারণ মানুষের মাঝে কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
র্যালী শেষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ তানভীর আহমেদ বিশ্ব কুষ্ঠ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তিনি কুষ্ঠ রোগ কী, এর লক্ষণসমূহ এবং এ রোগের বিনামূল্যে চিকিৎসা সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা গ্রহণের জন্য উৎসাহিত করেন।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত কুষ্ঠ রোগীদের মাঝে শীতের কম্বল ও নাস্তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে পুরুষ ২৫ জন ও মহিলা ২৭ জনসহ মোট ৫২ জন অংশগ্রহণ করেন।
বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।








