
চাঁদপুরে সম্পত্তিগত বিরোধে যুবককে কুপিয়ে হত্যা: আটক তিন
Link Copied Successfully!

চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়নে সম্পত্তিগত বিরোধে ইউসুফ পাটোয়ারী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয় নিহতের বড় ভাই ইব্রাহিম পাটোয়ারী। রোববার সকালে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত মাইনুদ্দিন (৫০), তার ছেলে রঞ্জন (২৫) ও স্ত্রী খাদেজা বেগমকে আটক করেছে পুলিশ। নিহত ইউছুফ ওই বাড়ির কলিম উল্লাহ্ পাটোয়ারীর ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়, দীর্ঘদিন যাবত দুই পরিবারের সাথে সম্পত্তিগত বিরোধ রয়েছে। দুই শতাংশ সম্পত্তি নিয়ে রোববার সকালে পুকুর ব্যবহার নিয়ে ইব্রাহিম পাটোয়ারীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে টেনে হিঁচড়ে মাঈনুদ্দীনের ঘরে নিয়ে কুপিয়ে জখম করে মাইনুদ্দিন ও রঞ্জন। এতে ঘটনাস্থলেই ইউছুফ নিহত হয়। পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করলে আহত ইব্রাহিমকে ঢাকায় রেফার করেন চিকিৎসক।
চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা বলেন, ঘটনাস্থল থেকে আসামী মাইনুদ্দিন, তার ছেলে রঞ্জন ও স্ত্রীকে আটক করেছে। প্রাথমিক তদন্ত কাজ চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।








