
ককুরকে বাঁচাতে গিয়ে বাস চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু


চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা বাজারে কুকুরকে বাঁচাতে গিয়ে আইদি পরিবহনের বাসের নিচে চাপা পড়ে তৌহিদুল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) সকালে উপজেলার বাকিলা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম চাঁদপুর সদর উপজেলার ব্যাংক কলোনি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা মাহবুবুল আলম জানান, আইদি পরিবহনের একটি বাস চাঁদপুর থেকে জগতপুরগামী ছিল। বিপরীত পাশ থেকে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে চাঁদপুরগামী মোটর সাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল চালক তহিদুল ইসলামের।


দুর্ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক শামীমা আক্তার ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, সদ্য বিবাহিত তৌহিদুল ইসলাম। সকলে তার স্ত্রীকে মোটরসাইকেলযোগে হাজীগঞ্জে নামিয়ে দিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথেই দুর্ঘটনায় মৃত্যু হয় তার।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদহ হস্তান্তর করা হবে।








