
হাজীগঞ্জে কৃষি জমি ধ্বংস করার হিড়িক!
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের পাঁচৈ গ্রামে কৃষি মাঠের মাটি ব্রিক ফিল্ডে যাচ্ছে ট্রাকে ট্রাকে! এ যেনো এক মাটি কাটার মহোৎসব চলছে। এতে ধ্বংস হচ্ছে ফসলি মাঠ। একই সাথে ধ্বংস হচ্ছে সাধারণ মানুষের চলাচলের প্রধান সড়কটিও।
মঙ্গলবার দুপুরে ইউনিয়নের পালিশারা-পাঁচৈই কৃষি মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায় মাটি কাটার এমন মহোৎসব। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানান, মাহবুব-এমরান-শরীফ-সামাদের নেতৃত্বে মাটি যাচ্ছে পাশ্বের রনি ও ওনি ব্রিকস ফিল্ডে। স্থানীয়সূত্রে জানাগেছে, দীর্ঘ একমাস যাবত প্রায় ১২০শতক কৃষি জমির মাটি কাটা হচ্ছে। মাটিগুলো চলে যাচ্ছে বিভিন্ন ব্রিকস ফিল্ডে। প্রতিদিন দশ পনেরোটি মাটি বাহী ট্রাক সাধারণ মানুষের চলাচলের প্রধান রাস্তা দিয়ে যাওয়ার কারনে নষ্ট হচ্ছে সড়কটি। উড়ছে বালু, অসুস্থ হচ্ছেন শিশু থেকে বৃদ্ধ।
এসব বিষয় দেখেও যেনো দেখছে না কেউই। আদৌও কি দেখছে না কেউ? নাকি দেখেও না দেখার ভান করে ঘুমিয়ে আছে সবাই এমন প্রশ্ন তুলেছে স্থানীয়রা। পুরো উপজেলার বিভিন্ন স্থানে নিয়মনীতির কোন তোয়াক্কা না করে কৃষি জমি ধ্বংসের মহোৎসবে মেতে উঠেছেন কয়েকটি দালাল চক্র।
কৃষি জমির মালিকদের প্রলোভন দেখিয়ে মাটি ক্রয় করে নিয়ে যাচ্ছে এ চক্রটি। দিনের আলোতে ফসলি মাঠ থেকে মাটি না করতে পারলেও রাতের আঁধারে উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নে ভেকু দিয়ে মাটি কাটছে শাখাওয়াত হোসেন নামের স্থানীয় এক প্রভাবশালী।
এতে অস্তিত্ব হারাচ্ছে কৃষি মাঠ গুলো। এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার তাপস শীল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে কয়েকটি মাটি বাহী ট্রাক জব্দ করে।
H/A








