
‘আমার ছেলেকে ফিরিয়ে দিন’ জিহাদের বাবা


ঢাকার বেইলি রোডের বহুতল ভবনের কাচ্চি ভাই রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কর্মচারী মাদারীপুরের কালকিনি উপজেলার জিহাদ শিকদারের (২৫) বাড়িতে শোকের মাতম চলছে। তিনি উপজেলার কয়ারিয়া এলাকার রামারপুল-লঞ্চঘাট গ্রামের জাকির শিকদারের ছেলে।
বাদ জুমা জিহাদের লাশ নিজ বাড়িতে দাফন করা হয়। জিহাদের অকাল মৃত্যুতে তার পরিবার এখন পাগলপ্রায়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সংসারের হাল ধরার জন্য জিহাদ শিকদার বেশ কিছুদিন আগে ঢাকার বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে চাকরি নেন। তার চাকরির টাকায় পরিবারের সদস্যদের নিয়ে ভালোভাবেই দিন কাটছিল; কিন্তু হঠাৎ নিয়তির নিষ্ঠুর আঘাতে নিভে গেল জিহাদের জীবন প্রদীপ। বৃহস্পতিবার রাতে কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে জিহাদের শরীরের অর্ধেক অংশ পুড়ে যায়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার এ মৃত্যুর খবরে পরিবারের মাথার উপর আকাশ ভেঙে পড়ে। শোকে বারবার মূর্ছা যাচ্ছেন জিহাদের বাবা জাকির শিকদার। এদিকে মাটিতে গড়াগড়ি দিয়ে আহাজারি করছেন তার মা। তাদের এখন সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই কারো মুখে।


জাকির শিকদার বলেন, আপনারা আমার ছেলেকে ফিরিয়ে দিন। আমার কিছু দরকার নাই, আমি আমার ছেলেকে চাই। আমরা এখন কিভাবে বাঁচব। আগুন আমার পরিবারটাকে শেষ করে দিয়ে গেল।
উপজেলার কয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান নুরমোহাম্মদ মোল্লা বলেন, আমি কী বলব ভাষা খুঁজে পাচ্ছি না। জিহাদ একজন ভালো ছেলে ছিল। সে এভাবে আগুনে পুড়ে মারা যাবে কল্পনাতেও ভাবিনি।







