
নোয়াখালীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু


নোয়াখালীতে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাতিয়া ও সুবর্ণচর উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।


নিহতরা হচ্ছে- হাতিয়া উপজেলার হরণি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নবীপুর গ্রামের জাকের হোসেনের মেয়ে আছিয়া আক্তার (৪), একই বাড়ির মো. সোহেলের ছেলে মুনতাহা (২) ও সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের আকবর হোসেনের ছেলে মুজাহিদুল ইসলাম (২)।
নিহত আছিয়া ও মুনতাহার স্বজন আরাফাত হোসেন বলেন, তিন ভাই-বোনের মধ্যে শিশু আছিয়া ছিল সবার ছোট। আর প্রবাসী সোহেলের একমাত্র কন্যা মুনতাহা। প্রতিদিন বাড়ির শিশুদের সাথে বাড়ির আঙিনায় খেলাধুলা করতো তারা। মঙ্গলবার সকালে বাড়ির অন্য শিশুদের সাথে খেলাধুলা করার সময় পরিবার ও বাড়ির লোকজনের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় তারা দুজন। বেলা ১১টার দিকে বাড়ির লোকজন পুকুর ঘাটে গেলে তাদের দুজনকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিসান আহমেদ ও চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।








