
রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ


অনেক জল্পনা কল্পনার পর এবার প্রকাশ করা হল রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা।
সোমবার সকালে বিদ্যালয়ের এডহক কমিটির বর্তমান সভাপতি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদারের স্বাক্ষরিত ৫’শ ২৩ জনের নাম দিয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার জানান, সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। পাঁচ কার্যদিবসের মধ্যে ভোটারদের নাম’সহ কোনো সমস্যা থাকলে লিখিতভাবে জানতে হবে। ভুলগুলো সংশোধন করে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সাথে সাথেই নির্বাচন কমিশন নিয়োগ দিবেন তারা।


২০১৮ সালে রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই কমিটির মেয়াদ শেষ হয় ২০২০ সালের ১৭ই মে। এরপর থেকে বিদ্যালয়টি চলছে কখনও পরিচালনা পর্ষদ ছাড়া কখনও আবার এডহক কমিটি দ্বারা।
২০২০ সালে কমিটির মেয়াদ শেষ হওয়ার পরপরই এডহক কমিটির হাতে পড়ে বিদ্যালয়টি পরিচালনার দায়িত্ব। ছয় মাস এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন তৎকালীন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
করোনা মহামারীর কারনে কয়েকমাস কমিটি বিহিন ছিল বিদ্যালয়। এরপর আবারও এডহক কমিটির ছয়মাস সভাপতির দায়িত্ব পালন করেন মুন্সী মোহাম্মদ মনির। এবার তৃতীয় মেয়াদে এডহক কমিটির বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম।








