
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল ঘরে, ঘুমন্ত শিশুর মৃত্যু

স্থানীয় বাসিন্দা ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, যাত্রাপুর বাজার থেকে গাছের গুঁড়ি নিয়ে একটি ট্রাক ইউনিয়ন পরিষদের সামনের ঝুঁকিপূর্ণ ভাঙা রাস্তা দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি উল্টে রাস্তার পাশের ঘরে চলে যায়। এতে ঘুমন্ত শিশু মোরসালিনের মৃত্যু হয়। শিশুটির মা বাইরে চলে যাওয়ায় রক্ষা পেয়েছেন।
স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, ‘গতকাল রাত সাড়ে ১০টার দিকে চিৎকার শুনে বাজার থেকে দৌড়ে গিয়ে দেখি শিমুলগাছের গুঁড়িবোঝাই ট্রাক ঘরের ওপর পরে আছে।’
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার দুর্ঘটনায় শিশুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। দ্রুততম সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।































