POPULAR BD NEWS
Popular BD News Logo

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল ঘরে, ঘুমন্ত শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩ | সময়: ৩:৪৫ অপরাহ্ণ

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সামনের বাঁধের রাস্তা থেকে গাছের গুঁড়িবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে যায়। এতে ঘরে ঘুমিয়ে থাকা সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

ওই শিশুর নাম মো. মোরসালিন। সে ওই এলাকার সফিকুল ইসলামের ছেলে। মোরসালিন চাকেন্দা খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে শিমুলগাছের গুঁড়িবোঝাই একটি ট্রাক যাত্রাপুর বাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাঁধের রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। ট্রাক উল্টে গেলে চালক ও চালকের সহকারী পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দা ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, যাত্রাপুর বাজার থেকে গাছের গুঁড়ি নিয়ে একটি ট্রাক ইউনিয়ন পরিষদের সামনের ঝুঁকিপূর্ণ ভাঙা রাস্তা দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি উল্টে রাস্তার পাশের ঘরে চলে যায়। এতে ঘুমন্ত শিশু মোরসালিনের মৃত্যু হয়। শিশুটির মা বাইরে চলে যাওয়ায় রক্ষা পেয়েছেন।

 

স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, ‘গতকাল রাত সাড়ে ১০টার দিকে চিৎকার শুনে বাজার থেকে দৌড়ে গিয়ে দেখি শিমুলগাছের গুঁড়িবোঝাই ট্রাক ঘরের ওপর পরে আছে।’

যাত্রাপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর বলেন, স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার দুর্ঘটনায় শিশুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। দ্রুততম সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন