
বিএমজিটিএ, চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত


বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)’র চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাধারণ সভা হাজীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএমজিটিএ’র সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মি. ওয়ালিদ হোসেন খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফ ইমাম এর সঞ্চালনায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি মি. জহির উদ্দিন হাওলাদার ভার্চুয়ালী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন। তিনি জেনারেল শিক্ষকদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখতে এবং বিদ্যমান বৈষম্য নিরসনে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে শিক্ষকদের আশ্বস্ত করেন। তিনি চাঁদপুর জেলা বিএমজিটিএ’র নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তৎপর সাংগঠনিক কর্মকান্ডের জন্যে। আগামীর দিনগুলোতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় জেনারেল শিক্ষকদের সাথে নিয়ে যা যা করণীয় তা অবশ্যই করা হবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমজিটিএ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মি. রাফি উদ্দিন শামীম ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম বাবর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএমজিটিএ’র সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মি. কামরুজ্জামান, অপর সহ-সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মি. হাঞ্জালা শাহীন ও মি. সামছুল আরেফিন মুকুল, জেলা বিএমজিটিএ’র যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মি. বোরহান উদ্দিন, জেলা বিএমজিটিএ’র সাংগঠনিক সম্পাদক মি. মোহাম্মদ শাহজাহান বিএসসি, জেলা বিএমজিটিএ’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর সদর উপজেলা বিএমজিটিএ’র সাধারণ সম্পাদক মি. সুলতানা আহমেদ মিয়াজি, সহ-সাধারণ সম্পাদক ও কচুয়া উপজেলা বিএমজিটিএ’র সভাপতি মি. সাখাওয়াত হোসেন, শাহরাস্তি উপজেলা বিএমজিটিএ’র সভাপতি মি. জিহাদ সরকার, জেলা বিএমজিটিএ’র কোষাধ্যক্ষ মি. আলী আকবর, সহ- মহিলা বিষয়ক সম্পাদক শাহিনা আক্তার, সহ- প্রচার সম্পাদক মি. আবুল কালাম প্রমুখ। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি মি. জহির উদ্দিন হাওলাদার ও মহাসচিব মি. দেলোয়ার হোসেন এর বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।


বক্তাগণ আলীয়া ধারার মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও যুগোপযোগী করার লক্ষে সরকারের গৃহীত নানা পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন স্কুল কলেজের ন্যায় মাদরাসাও জাতীয়করণ হবে। যোগ্যতাসম্পন্ন জেনারেল শিক্ষকদের প্রশাসনিক পদে পদায়নের দাবি জানিয়ে বলেন, সরকারের এসডিজি বাস্তবায়নে টেকসই উন্নয়ননে মাদরাসা পড়ুয়াদের সম্পৃক্ততা নিশ্চিতকরণে জেনারেল শিক্ষকদের প্রশাসনিক পদে পদায়ন করা সময়ের সবচেয়ে যৌক্তিক দাবি।








