
হাজীগঞ্জে ২৭ আগস্টে বিএনপির মিছিল বড় ছিল না: দাবী বিএনপির সাবেক সভাপতির
আবদুল মান্নান খানের ফেসবুক আইডি ও ২৭ আগস্টের মিছিল -- পপুলার বিডিনিউজ 
হাজীগঞ্জ উপজেলা বিএনপির দীর্ঘ বছরের সভাপতি আবদুল মান্নান খান বাচ্চু দাবী করেন হাজীগঞ্জ বাজারে গেল ২৭ আগস্টের মিছিল সবচেয়ে বড় ছিল না। এরআগে ১৯৯০ সালে আরো বড় মিছিল করেছিল বিএনপি।
মঙ্গলবার তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মন্তব্য তুলে ধরেন। তা হুবহু তুলে ধরা হলো-
হাজীগঞ্জ উপজেলা বিএনপির ৪৪ বছরের সবচেয়ে বড় মিছিল কোনটি ছিল?
১৯৯০ সালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিএনপি থেকে মরহুম আব্দুল মতিন এমপি সাহেব প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জাতীয় পার্টি থেকে মরহুম তাফাজ্বল হায়দার (নসু চৌধুরী) সাহেব প্রতিদ্বন্দ্বিতা করেন। উক্ত নির্বাচনে আওয়ামীলীগের কোন প্রার্থী ছিলনা। তারা বিএনপির প্রার্থী মতিন সাহেবকে সমর্থন দেন। আওয়ামী লীগ যেন কোন প্রার্থী না দেয় এবং বিএনপিকে সমর্থন করে সেজন্য মূখ্য ভূমিকা পালন করেছিলাম আমি।


নির্বাচনের প্রচারের শেষ দিন আমরা হাজীগঞ্জে একটি ঐতিহাসিক মিছিল করব বলে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলাম আমি। তখন সিদ্ধান্ত হয় যে, ১১টি ইউনিয়ন থেকে দলীয় সকল নেতাকর্মীকে আনা হবে এবং পৌরসভার নয় ওয়ার্ড থেকে বেশী করে কর্মী আনা হবে আর টোরাগড়, রান্ধুনীমুড়ার সকল লোক যেন মিছিলে অংশগ্রহণ করে, একটি লোকও যেন ঘরে না থাকে যেহেতু এই দুই গ্রামে বিএনপির সমর্থক সবচেয়ে বেশী। টোরাগড় গ্রামে বিএনপির সমর্থক বেশি হওয়ার কারণ হল মতিন সাহেব। আর রান্ধুনীমুড়া গ্রামে বিএনপির সমর্থক বেশী হওয়ার কারণ হলাম আমি।
মিছিলের দিনটি ছিল শুক্রবার। সেদিন এত বড় মিছিল সংঘটিত হয়েছিল যে, হাজীগঞ্জ বাজার দুই ঘণ্টার জন্য অচল হয়ে গিয়েছিল। এই জনসমাগম দেখে আমরা সিদ্ধান্ত নেই যে, জনসভাটি হাজীগঞ্জ হাইস্কুল ময়দানে অনুষ্ঠান করতে হবে। কারণ এত লোক জায়গা দেওয়ার মতো দ্বিতীয় কোন স্থান তখন হাজীগঞ্জে ছিলনা। এই মিটিংয়ের ময়দান দেখে বুঝতে পারবেন কতবড় মিছিল সংঘটিত হয়েছিল সেদিন। জনসমাগম দেখে আমি আনন্দে সেই মিটিংয়ে আমি ঘোষণা দেই যে, যে ইউনিয়ন সবচেয়ে বেশী ভোট দেবে তাদেরকে সোনার মেডেল উপহার দেওয়া হবে। নির্বাচনে আমরা সবচেয়ে বেশী ভোট পেয়েছিলাম রাজারগাও ইউনিয়ন থেকে। এবং তারাই সোনার মেডেল পেয়েছিল।
২০২২ এর ২৭ আগস্ট বিএনপির যে মিছিল হয়েছে তার চেয়ে নব্বইয়ের উপজেলা চেয়ারম্যান নির্বাচনের সেই মিছিল আরও অনেক বড় হয়েছিল। হাজীগঞ্জ উপজেলা বিএনপির এই ৪৪ বছরে আরও অনেক বড় বড় মিছিল সংঘটিত হয়েছে। আমি শুধু সেরা মিছিলটির কথাই লিখলাম।
আবদুল মান্নান খাঁন বাচ্চু
সাবেক মেয়র- হাজীগঞ্জ পৌরসভা।
প্রতিষ্ঠাতা আহবায়ক- হাজীগঞ্জ উপজেলা বিএনপি ও সাবেক সভাপতি উপজেলা বিএনপি।



























